চীনে কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় এপ্রিলে ১ শতাংশ কমেছে। তবে চলতি মাসে দেশটিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং আমদানি কমেছে।
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী এই দেশে জ্বালানি সরবরাহ ও চাহিদার মধ্যে একটি কঠোর ভারসাম্য বজায় রয়েছে।
সরকারি তথ্যানুযায়ী, এপ্রিলে চীন ৩৮ কোটি ৫৬ লাখ টন কয়লা উত্তোলন করেছে। এটি মার্চের রেকর্ড ৪৪ কোটি ৬ লাখ টনের চেয়ে বেশ কম। বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) মোট কয়লা উত্তোলন দাঁড়িয়েছে ১৫৮ কোটি টনে, যা আগের বছরের চেয়ে দশমিক ১ শতাংশ কম।
কয়লা উত্তোলন কমলেও এপ্রিলে দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, এপ্রিলে চীনের কয়লা আমদানি ১৪ শতাংশ কমে ৩ কোটি ৩১ লাখ টনে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তোলন ও আমদানি কম হওয়া এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির কারণে চীনের জ্বালানি খাতে বর্তমানে এক ধরনের টানাপোড়েন পরিস্থিতি চলছে।