অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশী কোম্পানির অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ ও লভ্যাংশ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বিনিয়োগকারীদের অনুকূলে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ প্রত্যাবাসনে কোনো পূর্বানুমোদন প্রয়োজন হবে না। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশী কোম্পানি অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। শুধু শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে। তবে ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে প্রস্তাবিত হারের যৌক্তিকতা ব্যাখ্যা করে অনুমোদন নিতে হবে।
অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠাতে ও অগ্রাধিকার শেয়ার পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো শেয়ারের আসল বা বকেয়া লভ্যাংশ অপ্রত্যাবাসিত থেকে গেলে সেটির ওপর পরবর্তী সময়ে কোনো অতিরিক্ত সুদ বা ক্ষতিপূরণ দাবি বা পরিশোধ করা যাবে না।