পুনর্গঠনের অংশ হিসেবে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে ভোক্তাপণ্য জায়ান্ট নেসলে। কোম্পানির নতুন সিইও ফিলিপ নাভরাটিল জানিয়েছেন, এতে অফিস-ভিত্তিক ১২ হাজার ও অন্যান্য খাত থেকে চার হাজার কর্মী বাদ পড়বে। বর্তমানে বিশ্বব্যাপী নেসলের কর্মী সংখ্যা প্রায় ২ লাখ ৭৭ হাজার। একই সঙ্গে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পূর্বাভাসের তুলনায় বেশি বিক্রি করেছে বিশ্বের বৃহৎ এ প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক। ২০২৭ সালের শেষ নাগাদ নেসলের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যমাত্রা ২৫০ কোটি সুইস ফ্রাঁ থেকে বেড়ে দাঁড়াবে ৩০০ কোটি সুইস ফ্রাঁ বা ৩৭৭ কোটি ডলারের সমপরিমাণ। খবর ও ছবি রয়টার্স