টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় আসছে না জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)। সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ৩৭টি সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এসব প্রকল্পে প্রায় ৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা ছিল, যার প্রভাব নতুন প্রকল্পগুলোয়ও পড়ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে ১১টি প্রস্তাব তুলে ধরেন বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম, সহসভাপতি মো. আবু তাহের ও ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন এবং পরিচালক (ফাইন্যান্স) নিতাই পদ সাহা উপস্থিত ছিলেন।
বিএসআরইএর সভাপতি বলেন, ‘প্রকল্প বাতিলের সিদ্ধান্ত বিদেশী বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে, যার প্রভাব নতুন প্রকল্পগুলোয়ও পড়ছে। সরকার ৫৫টি নতুন সৌরবিদ্যুতের প্রকল্প গ্রহণ করলেও সেখানে মাত্র একজন দরদাতা আগ্রহ প্রকাশ করেছেন। আবার কিছু প্রকল্পে কেউ আগ্রহই দেখাননি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কাস্টমসের পক্ষ থেকে ওজনভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শুল্কারোপ করা হয়। পাশাপাশি ভিন্ন দামের পণ্যে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। ফলে একই পণ্যে বারবার কর বসছে। এতে প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি শুল্ক-কর দিতে হচ্ছে আমদানিকারকদের।