ইউরোপে গ্যাসের দাম ৯৭ ইউরো ছাড়িয়েছে

২০২২ সালের পর সর্বোচ্চে

শীত মৌসুমে জ্বালানির চাহিদা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় এ দরবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল গ্যাসের দাম শুক্রবারের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টা ৯৭ ইউরো বা ১০৮ ডলার ৮ সেন্ট ছাড়িয়েছে। শীত মৌসুমে জ্বালানির চাহিদা ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় এ দরবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে ইউরোপের গ্যাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি মেগাওয়াট ঘণ্টা ৯৭ ইউরো ১৫ সেন্টে লেনদেন হয়। ২০২২ সালের পর এ প্রথম দাম ৯৭ ইউরো ছাড়াল।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ আসত এ অঞ্চল থেকে। বর্তমানে সেখান থেকে সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ কম।

একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস মজুদও মৌসুমি গড়ের তুলনায় কম রয়েছে। গ্যাসের বাজার পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাস ইনফ্লাস্ট্রাকচার ইউরোপের (জিআইই) তথ্যানুযায়ী, বর্তমানে ইইউর গ্যাস মজুদ কেন্দ্রগুলো ৭৪ দশমিক ৬ শতাংশ পূর্ণ, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই কম।

শীতকালে ঘরবাড়ি গরম রাখা, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প-কারখানায় গ্যাসের চাহিদা বেড়ে যায়। এ পরিস্থিতিতে সরবরাহে বিঘ্ন দীর্ঘস্থায়ী হলে ইউরোপের দেশগুলোকে গ্যাস সংগ্রহে বাড়তি প্রতিযোগিতায় পড়তে হতে পারে। এতে আগামী দিনগুলোয় গ্যাসের দামের ওপর আরো ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরও