যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) দ্রুত সুদহার কমানো র প্রত্যাশা ও সরবরাহ ঘাটতির শঙ্কায় তামার দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার তিন মাস মেয়াদি চুক্তির দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭ ডলারে। মার্চের পর এটিই সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।
চলতি বছরে এ পর্যন্ত তামার দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বেকার ভাতার জন্য আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় ফেড দ্রুত সুদহার কমাতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা জোরালো হয়। এর প্রভাব পড়ে ধাতব পণ্যটির বাজারে।
লন্ডনভিত্তিক ব্রোকারেজ সুকডেন ফাইন্যান্সের রবার্ট মন্টেফাসকো বলেন, ‘প্রথমে ধারণা করা হয় ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে। তবে এখন মনে হচ্ছে, তার চেয়েও বেশি কমানো হতে পারে। এতে তামার দাম বেড়েছে।’