ভিয়েতনামে এখনো কফি সংগ্রহের মৌসুম শুরু হয়নি। কিন্তু এর আগেই সেখানে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টি বা ঝড় হলে ফসল নষ্ট হতে পারে বা উৎপাদন কমে যেতে পারে। এমন প্রেক্ষাপটে ভিয়েতনামে বেড়েছে কফির দাম। যদিও সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন বুয়ালয়ে কফি বাগানে তেমন কোনো ক্ষতি হয়নি। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী এলাকা সেন্ট্রাল হাইল্যান্ডস। দেশটির কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৬ হাজার থেকে ১ লাখ ১৭ হাজার ডং (৪ ডলার ৪০ সেন্ট থেকে ৪ ডলার ৪৩ সেন্ট) দরে বিক্রি করেছেন। এক সপ্তাহ আগে যা ছিল ১ লাখ ১৪ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৫০০ ডং।
এদিকে আন্তর্জাতিক বাজারেও কফির দামে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। জানুয়ারিতে সরবরাহের জন্য ফিউচার মার্কেটে গত বুধবার প্রতি টন কফির দাম ২০২ ডলার বা ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৮৮ ডলারে।
একজন কফি ব্যবসায়ী বলেন, ‘কফি উৎপাদনকারী এলাকায় আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা লন্ডনের বাজারে দাম বাড়ার অন্যতম কারণ। দক্ষিণ চীন সাগরে নতুন ঝড় তৈরি হয়েছে, যা ভিয়েতনামের দিকে ধেয়ে আসার পূর্বাভাস রয়েছে।’