মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল ধাতুটির দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে কেনাবেচা হয়েছে, যা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ। খবর রয়টার্স ও দ্য বিজনেসলাইন।
বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতার ৯ শতাংশই রয়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ অঞ্চল থেকে ধাতুটির রফতানি ও কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, চলতি বছর বিশ্ববাজারে ২০ লাখ টনেরও বেশি অ্যালুমিনিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি তামার দাম বেড়ে প্রতি টন ১৩ হাজার ৮৪০ ডলারে দাঁড়িয়েছে। সিসা ও টিনের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে এবং নিকেল অপরিবর্তিত রয়েছে।
এদিকে মার্কিন উৎপাদন খাতকে চাঙ্গা করতে তামা, অ্যালুমিনিয়াম ও লোহা আমদানির শুল্কে পরিবর্তন এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আদেশে নির্দিষ্ট কৃষি যন্ত্রপাতির শুল্ক ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বাণিজ্য চুক্তি থাকা দেশগুলো থেকে বুলডোজার ও ফর্কলিফটের মতো ভারি শিল্প যন্ত্রপাতি আমদানিতে ১৫ শতাংশ শুল্ক গুনতে হবে। তবে যন্ত্রপাতিতে ন্যূনতম ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রের স্টিল বা অ্যালুমিনিয়াম ব্যবহার করলে বিদেশী কোম্পানিগুলো মাত্র ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে, যা ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।