যুক্তরাষ্ট্রকে টপকে বৈশ্বিক সয়াবিন বাজারে ক্রমে নিজের হিস্যা বাড়াচ্ছে ব্রাজিল। বেশ কয়েক বছর ধরে এ দেশ থেকে চীন সবচেয়ে বেশি আমদানি করছে। তবে সম্প্রতি ব্রাজিলের পাঁচটি কোম্পানি থেকে সয়াবিন আমদানি স্থগিত করেছে দেশটি। শস্য যথাযথ মানসম্মত না হওয়ায় আমদানি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
উল্লেখ্য, কোনো দেশ কৃষি বা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে কৃষিজাত পণ্য আমদানিতে ফসলের নির্দিষ্ট কিছু মান অথবা শর্তাবলি আরোপ করতে পারে। এ শর্ত পূরণ না হওয়ায় চীন আমদানি স্থগিত করেছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, চীনের এ স্থগিতকরণে বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ শৃঙ্খলে কিছুটা প্রভাব ফেলতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে উত্তেজনা তৈরি করেছে।
ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাজিলের পাঁচ কোম্পানি থেকে সয়াবিন আমদানির ‘নন-কনফর্মমিটি’ নোটিস তারা চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (শুল্ক বিভাগ) থেকে পেয়েছে। যদিও তারা কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি।
এদিকে এক সূত্রের দেয়া তথ্যানুযায়ী, ৮ জানুয়ারি চীন ব্রাজিলের টেরা রক্সা কমার্সিও ডি সেরিয়াস, অলাম ব্রাজিল ও সি.ভালে কো-অপারেটিভা এগ্রোইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সয়াবিন আমদানি স্থগিত করেছে। পরবর্তী সময়ে ১৪ জানুয়ারি চীনের শুল্ক বিভাগ কাস্টমস কারগিল এগ্রিকোলা এসএ ও এডিএম ডো কোম্পানিগুলোর সরবরাহও স্থগিত করে।
ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়ের সেক্রেটারি অব কমার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস লুইস রুয়া বলেন, ‘এ কোম্পানিগুলোর কিছু ইউনিট স্থগিত করা হয়েছে। একই কোম্পানির অন্য ইউনিটগুলো রফতানি চালিয়ে যেতে পারবে। তাই ব্রাজিলের মোট রফতানিতে চীনের স্থগিতাদেশের প্রভাব কম হতে পারে।’