ভারতে হোলি বা দোল উৎসবের সরকারি ছুটিতে আগামীকাল যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।’ তবে রোববার সকাল থেকে পুরোদমে আবারো আমদানি-রফতানি কাজকর্ম চলবে বলে তিনি জানান।
ভারতে দোল উৎসবের কারণে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানিসংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় গেছেন। ফলে গতকাল দুপুরের পর থেকেই বন্দরের সব কাজে ভাটা পড়েছে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।
তিনি বলেন, ‘দোল উৎসবের কারণে আমদানি-রফতানিসংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রান্সপোর্ট কর্মচারী, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে শনিবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।’
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য শনিবার এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।’
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা বলেন, ‘দোল পূর্ণিমায় এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।’