১০০ বোয়িং অর্ডার করতে পারে কাতার এয়ারওয়েজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরে সুবিধাভোগী হতে পারে উড়োজাহাজ নির্মাতা বোয়িং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরে সুবিধাভোগী হতে পারে উড়োজাহাজ নির্মাতা বোয়িং। এ সময় বোয়িং থেকে ১০০টি ওয়াইড বডি জেট কেনার চুক্তিতে যেতে পারে কাতার এয়ারওয়েজ। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিতব্য একাধিক দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে এটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর দ্য ন্যাশনাল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ এ চুক্তির পাশাপাশি ভবিষ্যতে বোয়িংয়ের কাছে আরো ১০০টি আকাশযান কেনার প্রতিশ্রুতিও ঘোষণা করতে পারে।

সাম্প্রতিক বছরে সুরক্ষা মানের ঘাটতিসহ একাধিক কারণে সংকটে রয়েছে মার্কিন জায়ান্ট বোয়িং। কাতার এয়ারওয়েজের সঙ্গে সম্ভাব্য চুক্তির মাধ্যমে কোম্পানিটি ঘুরে দাঁড়াতে পারে মনে করছেন বিশ্লেষকরা। স্ট্র্যাটেজিক অ্যারো রিসার্চের প্রধান বিশ্লেষক সাজ আহমাদের মতে, বোয়িং সাধারণত বড় চুক্তিগুলোয় অনেক ছাড় দেয়। তা সত্ত্বেও দীর্ঘ ব্যাকলগের কারণে এ চুক্তি শুধু কর্মীদের চাকরি নিশ্চিত করবে। একই সঙ্গে অন্য এয়ারলাইনসকেও ভবিষ্যৎ প্রয়োজনে বোয়িংয়ের উড়োজাহাজ নিয়ে ভাবতে বাধ্য করবে।

তিনি আরো জানান, কাতার এয়ারওয়েজের মতো বড় এয়ারলাইনস অগ্রিম অর্ডার করায় এখন বোয়িংয়ের ডেলিভারি খুবই চাহিদাসম্পন্ন হয়ে উঠবে। বিশেষ করে ৭৮৭ সিরিজের জন্য আগ্রহী এয়ারলাইনস সংস্থাগুলো দ্রুত অর্ডার করবে।

২০২৪ সাল বোয়িংয়ের জন্য ভীষণ সংকটপূর্ণ ছিল। শ্রমিক ধর্মঘট, বিমানের নিরাপত্তা ইস্যু, উৎপাদন ব্যাঘাত, প্রতিরক্ষা চুক্তিতে অতিরিক্ত খরচ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে রদবদলের মতো নানা কারণে কোম্পানিটি ১ হাজার ১৮০ কোটি ডলারের লোকসানের সম্মুখীন হয়েছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

এদিকে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য একটি জাম্বো জেট দিতে চলেছে কাতার। যাকে তিনি ‘উপহার’ আখ্যায়িত করায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনে কাতারের মিডিয়া অ্যাটাশে আলী আল আনসারি বলেন, ‘কাতারের প্রতিরক্ষা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এয়ারফোর্স ওয়ান হিসেবে সাময়িক ব্যবহারের জন্য একটি উড়োজাহাজ হস্তান্তর বিবেচনাধীন রয়েছে।’

আরও