ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

প্রায় এক দশক আগে পরবর্তী প্রজন্মের রোডস্টারের ঘোষণা দিয়েছিল বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি।

টেসলার দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস কার রোডস্টারের নতুন সংস্করণ উন্মোচনের তারিখ জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। আগামী ১ অক্টোবর গাড়িটি উন্মোচন করা হবে। প্রায় এক দশক আগে পরবর্তী প্রজন্মের রোডস্টারের ঘোষণা দিয়েছিল বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি। এরপর নানা কারণে গাড়িটির উৎপাদন ও বাজারে আসার সময় বারবার পিছিয়েছে। খবর রয়টার্স।

টেসলার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত শনিবার একটি পোস্ট দেয়া হয়। সেখানে ‘গো ফর লঞ্চ’ লেখা একটি বার্তার সঙ্গে রোডস্টার উন্মোচনের তারিখ জানানো হয়। পরে ওই পোস্টের জবাবে ইলোন মাস্ক লেখেন, ‘নিউ টেসলা রোডস্টার আনভেইল ১০.০১’। অর্থাৎ ১ অক্টোবর নতুন রোডস্টার উন্মোচন করা হবে।

আগস্টে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশন জানায়, টেসলা ওই মাসেই নতুন নকশার রোডস্টার উন্মোচনের পরিকল্পনা করছে। তবে শেষ পর্যন্ত উন্মোচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর।

উন্মোচন অনুষ্ঠানে রোডস্টারের একটি সীমিত সংস্করণ প্রদর্শন করা হতে পারে। এ সংস্করণে ঠাণ্ডা গ্যাসচালিত থ্রাস্টার বা গ্যাসীয় চাপের মাধ্যমে তৈরি বিশেষ ধাক্কা দেয়ার ব্যবস্থা থাকতে পারে। প্রযুক্তিটি টেসলা ও স্পেসএক্স যৌথভাবে তৈরি করেছে বলে দি ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়। এর প্রদর্শনী হতে পারে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষা কেন্দ্রে।

টেসলা প্রথমবারের মতো পরবর্তী প্রজন্মের রোডস্টার উন্মোচন করেছিল ২০১৭ সালে। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২০ সালে গাড়িটির সরবরাহ শুরু হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হয়নি। এরপর প্রকল্পটি একাধিকবার পিছিয়েছে।

এদিকে রোডস্টারকে ঘিরে টেসলার পরিকল্পনায়ও পরিবর্তন এসেছে। শুরুতে গাড়িটিকে উচ্চক্ষমতার বিদ্যুচ্চালিত স্পোর্টস কার হিসেবে ভাবা হলেও পরে প্রকল্পটি আরো উচ্চাভিলাষী রূপ পেয়েছে। টেসলা এখন এটিকে নতুন কার্বন-ফাইবার হাইপারকার হিসেবে তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে মডেল এস প্লেইডের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়িটি তৈরির একটি বিকল্প পরিকল্পনা ছিল। পরে সে পরিকল্পনা বাতিল করা হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা রোডস্টারের নতুন সংস্করণ টেসলার জন্য শুধু একটি স্পোর্টস কারের নতুন মডেল নয়। গাড়িটির মাধ্যমে উচ্চক্ষমতার ইভির বাজারে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতাও তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

আরও