নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) আয়োজনে ‘মাল্টিভার্স অলিম্পিয়াড ১.০’ শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
আয়োজকরা জানান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান—তিন ক্ষেত্রে মেধা, সৃজনশীলতা ও দক্ষতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই জাতীয় পর্যায়ের এ অলিম্পিয়াডের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। আয়োজনে অংশ নিতে পারবেন এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা। একইসঙ্গে ২০২৬ ও ২০২৭ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে উপযুক্ত শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে ৩ ডিসেম্বর, যা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৫ জানুয়ারি শুরু হবে অনলাইন স্ক্রিনিং রাউন্ড।
প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ রাখা হয়েছে ১ লাখ টাকা। আর শীর্ষ ফাইনালিস্টদের মধ্যে মোট ১ লাখ ৫০ হাজার টাকার বেশি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা আরো জানিয়েছেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি, বিশ্লেষণী দক্ষতা ও জাতীয় পরিমণ্ডলে পরিচিতি তৈরির সুযোগ সৃষ্টি করবে এ অলিম্পিয়াড। অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা যাচাই করার পাশাপাশি উচ্চশিক্ষার প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সকল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে www.nub.ac.bd এ ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে (রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি)।