আর্জেন্টিনায় ২০২৫-২৬ মৌসুমে জমি থেকে গম সংগ্রহ রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। দেশটির বুয়েনস আইরেস গ্রেইন এক্সচেঞ্জ জানায়, চলতি মৌসুমে মোট গম সংগ্রহ পৌঁছতে পারে ২ কোটি ৫৫ লাখ টনে। এটি এর আগে দেয়া পূর্বাভাস ২ কোটি ৪০ লাখ টনের তুলনায় বেশি। খবর হেলেনিক শিপিং নিউজ।
সংস্থাটি জানায়, এখন পর্যন্ত জমি থেকে ৩৩ দশমিক ৯ শতাংশ গম সংগ্রহ সম্পন্ন হয়েছে। এছাড়া মূল কৃষি অঞ্চলগুলোয় খাদ্যশস্যটির ফলন প্রত্যাশার চেয়ে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ফসল উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।
বুয়েন্স আয়ার্স গ্রেইন এক্সচেঞ্জ আরো জানায়, আর্জেন্টিনায় ১ কোটি ৭৬ লাখ হেক্টর জমির মধ্যে এখন পর্যন্ত ৩৬ শতাংশ জমিতে সয়াবিন বপন সম্পন্ন হয়েছে। তবে বুয়েন্স আয়ার্স প্রদেশে অতিরিক্ত আর্দ্রতার কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে। ভুট্টার ক্ষেত্রে ৭৮ লাখ হেক্টর আবাদি এলাকার ৩৯ দশমিক ৩ শতাংশ জমিতে এখন পর্যন্ত ফসলটির বীজ বপন সম্পন্ন হয়েছে।