যুক্তরাষ্ট্র-চীন বন্দর ফি বিরোধ

সিঙ্গাপুরে জাহাজ নিবন্ধনে নতুন গতি

যুক্তরাষ্ট্র-চীন বন্দর ফি নিয়ে বিরোধের প্রভাবে হঠাৎই নতুন গতি পেয়েছে সিঙ্গাপুরে জাহাজ নিবন্ধন।

যুক্তরাষ্ট্র-চীন বন্দর ফি নিয়ে বিরোধের প্রভাবে হঠাৎই নতুন গতি পেয়েছে সিঙ্গাপুরে জাহাজ নিবন্ধন। গত সেপ্টেম্বরে দেশটির জাহাজ নিবন্ধন সংস্থা সিঙ্গাপুর রেজিস্ট্রি অব শিপস (এসআরএস) ৯৪টি জাহাজের আবেদন অনুমোদন করে। এতে এশিয়ার অন্যতম এ বাণিজ্যিক কেন্দ্রে নিবন্ধিত জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৩০। এসব জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ টন। খবর দ্য স্ট্রেইট টাইমস।

সিঙ্গাপুর মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির (এমপিএ) তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এসআরএসের বহরে যুক্ত হয়েছে ১ কোটি ৯০ লাখ টনের বেশি ধারণক্ষমতা। এতে সিঙ্গাপুরে নিবন্ধিত জাহাজগুলোর সম্মিলিত ধারণক্ষমতা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৮ লাখ টনে। এর মধ্যে ২০২৪ সালে বাড়ে ৮৫ লাখ টন, যা গত সেপ্টেম্বরে যোগ হওয়া সক্ষমতার তুলনায় মাত্র পাঁচ লাখ টন বেশি।

এমপিএ বলেছে, সিঙ্গাপুরের সামুদ্রিক পরিবহন খাতের জন্য ইতিবাচক এ প্রবৃদ্ধি। এটি জাহাজ পরিবহন শিল্পে অর্থায়ন ও বীমা খাতে বাড়তি চাহিদা তৈরি করবে।

সিঙ্গাপুরে সেপ্টেম্বরে জাহাজ নিবন্ধনের সংখ্যা বাড়ার মূল কারণ যুক্তরাষ্ট্র-চীন বন্দর ফি নিয়ে উত্তেজনা। গত ১৪ অক্টোবর থেকে দুই দেশই একে অন্যের জাহাজে বাড়তি ফি আরোপ করেছে। মার্কিন ফি অনুযায়ী, চীনা মালিকানাধীন জাহাজে প্রতি নিট টনে ৫০ ডলার এবং চীনে নির্মিত হলেও বিদেশী মালিকানাধীন জাহাজে ১৮ ডলার ফি নেয়া হবে। এর জবাবে চীন ঘোষণা দেয়, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা পরিচালিত জাহাজে বিশেষ চার্জ আরোপ হবে।

এ পরিস্থিতি এড়াতে হংকংভিত্তিক জাহাজ মালিক সিসপ্যান জুলাই থেকে নিজেদের বহরের অর্ধেকের বেশি অর্থাৎ ২২০টির মধ্যে ১২০টির বেশি কনটেইনার জাহাজ সিঙ্গাপুর পতাকায় নিবন্ধন পরিবর্তন করে (রিফ্ল্যাগ)। প্রতিষ্ঠানটি গত মাসে সিঙ্গাপুরে সদর দপ্তর সরিয়ে নেয়। অন্যদিকে প্যাসিফিক বেসিন তাদের বাল্ক ক্যারিয়ার বহরের অর্ধেক সিঙ্গাপুরে নিবন্ধনের পরিকল্পনা করছে।

সামুদ্রিক পরিবহন খাতের বিশ্লেষক সংস্থা লাইনারলিটিকার কর্মকর্তা টান হুয়া জু বলেন, ‘সিঙ্গাপুরে নিবন্ধিত কনটেইনার জাহাজ বৃদ্ধির মূল কারণ সিসপ্যান। গত তিন মাসে কোম্পানিটি ১২০টির বেশি জাহাজ সিঙ্গাপুর পতাকায় নিবন্ধিত করেছে।’

বন্দর ফি নিয়ে চীন-যুক্তরাষ্ট্র বিবাদ বৈশ্বিক সামুদ্রিক পরিবহন খাতে বড় ধরনের উত্তেজনা ও শঙ্কা তৈরি করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সূত্রে এক বছরের জন্য সে ফি স্থগিত থাকবে। টান হুয়া জু বলেন, ‘ফি স্থগিত হওয়ায় চলতি মাস থেকে জাহাজের নিবন্ধন পরিবর্তনের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’

আরও