বাণিজ্যিক যানবাহন কিনতে দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্প্রসারণে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উদ্যোগ সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করবে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ. চৌধুরী এবং রানার মোটরসের প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
প্রাইম ব্যাংক জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় সিএমএসএমই গ্রাহকরা রানার মোটরস থেকে বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আকর্ষণীয় সুদহারে দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য উদ্যোক্তাদের জন্য অর্থায়ন প্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো, যাতে তারা ব্যবসার পরিবহন ও সরবরাহ সক্ষমতা বাড়াতে, পরিচালন কার্যক্রম আরো দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান; ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান এবং ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান। রানার মোটরসের পক্ষে আরো ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।