ব্যক্তিশ্রেণীর সব করদাতার ক্ষেত্রে আগামী বছর থেকে অনলাইনে আয়কর বিবরণী (ই-রিটার্ন) জমা দেয়া শতভাগ বাধ্যতামূলক করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য প্রস্তুতি পর্ব শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। জাতীয় রাজস্ব ভবনে গতকাল এনবিআর আয়োজিত ‘রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায়’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনলাইনে রিটার্ন জমায় ভালো সাফল্য পাওয়ায় আগামী বছর এটিকে বাধ্যতামূলক করা হবে। আমাদের অনলাইনে রিটার্ন না দেয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে। অনলাইন রিটার্ন জমায় সময় ও অর্থ বাঁচে। আর টেনশন একদমই না। কারণ ক্যালকুলেশন তো, কোনটা ট্যাক্স এবল, কোনটার কত করহার কিছুই জানা দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।’
অনলাইন রিটার্ন আরো সহজ হবে জানিয়ে মো. আবদুর রহমান খান বলেন, ‘আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এ বছর যারা রিটার্ন দিয়েছেন তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে। আমরা ক্লাউড সার্ভারও নেব, অ্যাপস তৈরি করব। আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে। অনলাইন রিটার্ন গত বছরের তুলনায় পাঁচগুণ বেড়েছে। ১৫ লাখের কাছাকাছি রিটার্ন আমরা পেয়ে গেছি। আগামী বছর এটাকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই। কিছু ব্যতিক্রম থাকবে। যাদের একান্ত কোনো কারণ আছে, তারা (অনলাইনে) দিতে পারবেন না।’
কর্মশালায় এনবিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, তফসিলি ব্যাংকের প্রতিনিধি ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।