চীন থেকে আকরিক লোহা আমদানি কমেছে ৮.৪%

চীন থেকে চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) আকরিক লোহা আমদানি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ।

চীন থেকে চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) আকরিক লোহা আমদানি কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের শুল্ক বিভাগ। খবর রয়টার্স।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আকরিক লোহার প্রধান উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়ায় প্রতিকূল আবহাওয়ায় সরবরাহ ব্যাঘাতের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীন মোট ১৯ কোটি ১৩ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা আমদানি করেছে। মাসভিত্তিক গড়ে এ সংখ্যা দাঁড়ায় ৯ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টনে। ডিসেম্বরে চীন মোট ১১ কোটি ২৪ লাখ ৯ হাজার টন আকরিক লোহা আমদানি করেছিল। গত বছর মাস ভিত্তিতে আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ৩২ লাখ টন।

ট্রেডিং কোম্পানি চায়না বেস নিংবো গ্রুপের বিশ্লেষক শান পেং জানিয়েছেন, প্রধান সরবরাহকারী দেশ অস্ট্রেলিয়ায় আবহাওয়াজনিত সরবরাহ ব্যাঘাতের কারণে আমদানির এ বার্ষিক পতন দেখা গেছে। তবে মোট আমদানির পরিমাণ প্রত্যাশার তুলনায় প্রায় এক কোটি টন বেশি।

ঘূর্ণিঝড় জেলিয়ার কারণে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধান আকরিক লোহা উৎপাদন কেন্দ্র পোর্ট হেডল্যান্ড ও ড্যাম্পিয়ারে কার্যক্রম স্থগিত করা হয়। ফলে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কমপক্ষে ১০ শতাংশ বার্ষিক মন্দার আশঙ্কা করেছিলেন সংশ্লিষ্টরা।

তবে চলতি বছরের প্রথম মাসে চীনের আকরিক লোহা আমদানি কমলেও ইস্পাত রফতানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, এ সময় দেশটি থেকে রফতানি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ কোটি ৬৯৭ লাখ টনে দাঁড়িয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত আমদানির পরিমাণ ছিল এক কোটি টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কম।

আরও