নতুন করে আরো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় সুইডিশ সরকার। এ লক্ষ্যে একটি আইন পরিবর্তনের প্রস্তাব উপস্থাপনের পরিকল্পনা করছে দেশটির মধ্য-ডানপন্থী জোট সরকার। খবর এপি।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন আইন পরিবর্তন করতে যাচ্ছি। ফলে আমরা বর্তমানের তুলনায় আরো বেশি স্থানে পারমাণবিক চুল্লি তৈরি করতে পারব।’
তবে সরকার কবে নাগাদ আইনের খসড়া উপস্থাপন করবে তা স্পষ্ট নয়। সুইডেনের পরিবেশগত আইনের আওতায় পারমাণবিক চুল্লি ১০টিতে সীমাবদ্ধ করে দেয়া আছে। পাশাপাশি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এমন জায়গায় তৈরি করা যেতে পারে, যেখানে চুল্লি রয়েছে। বর্তমান সরকার এ নিয়মগুলো অপসারণ করতে চাচ্ছে। পরিকল্পনা অনুসারে, সংশোধনীটি ২০২৪ সালের মার্চে কার্যকর হবে।
বর্তমানে দেশটির তিনটি স্থানে ছয়টি পারমাণবিক চুল্লি রয়েছে। দেশটির জলবায়ু ও পরিবেশের দায়িত্বে থাকা মন্ত্রী রোমিনা পৌরমুখতারি বলেন, নতুন চুল্লি ছোট হতে পারে এবং সবচেয়ে ভালো কাজ করে এমন জায়গায় স্থাপনের পরিকল্পনা চলছে। আমরা দেখতে পাচ্ছি, অনেক দেশ বড় চুল্লির পরিবর্তে ছোট ছোট চুল্লি নির্মাণ করছে। আইনের সংশোধনীতে অবশ্যই নতুন প্রযুক্তির বিষয়টি গুরুত্ব দিতে হবে।
এর আগে গত বছর তিন দলীয় জোট সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছিলেন। এ প্রস্তাব পূর্ববর্তী সরকারগুলো নাকচ করেছিল।