আগামী অক্টোবরের জন্য অপরিশোধিত পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে মালয়েশিয়া। তবে এ বৃদ্ধির পরও রফতানি শুল্ক বিদ্যমান সর্বোচ্চ হার ১০ শতাংশেই বহাল থাকছে। গতকাল মালয়েশীয় পাম অয়েল বোর্ড (এমপিওবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ পাম অয়েল রফতানিকারক দেশ মালয়েশিয়া। দেশটিতে অক্টোবরে রফতানির জন্য পণ্যটির টনপ্রতি রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৬৮ রিঙ্গিত (১ হাজার ১৫ ডলার)। চলতি সেপ্টেম্বরের জন্য এ রেফারেন্স মূল্য ৪ হাজার ৫৩ রিঙ্গিত। এখানেও একই হারে শুল্ক আরোপ করা রয়েছে।
মালয়েশিয়ার কর কাঠামো অনুযায়ী, অপরিশোধিত পাম অয়েলের দাম প্রতি টন ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিত হলে শুল্ক শুরু হয় ৩ শতাংশ হারে। দাম যত বাড়তে থাকে, শুল্ক ধাপে ধাপে বাড়ে এবং সর্বোচ্চ ৪ হাজার ৫০ রিঙ্গিতের ওপর গেলে করহার ১০ শতাংশে স্থির হয়।
অক্টোবরে নতুন রেফারেন্স মূল্য আগের মাসের চেয়ে বেশি হলেও এটি শুল্কের সর্বোচ্চ সীমার মধ্যেই থাকছে। ফলে রফতানিতে কার্যত করের হার অপরিবর্তিত থাকছে।