নিলামে উঠছে কিং আর্থারের স্বর্ণখচিত পাণ্ডুলিপি, দাম ছাড়াতে পারে ২৭ লাখ ডলার

প্রায় ৭০০ বছর ধরে ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি মধ্যযুগীয় পাণ্ডুলিপি প্রকাশ্যে এসেছে।

প্রাচীন এ পাণ্ডুলিপিতে রয়েছে বিশ্বখ্যাত রাজা কিং আর্থার ও জাদুকর মার্লিনের আদি রূপের গল্প। চলতি বছর একটি নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হবে।

নিলামকারী প্রতিষ্ঠানগুলোর মতে, খ্রিস্টীয় ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীর পাণ্ডুলিপিটির দাম আকাশছোঁয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর দাম ২৭ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।

১২৯০-১৩১০ সালের মধ্যে কোনো এক সময় ঐতিহাসিক পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল বলে ধারণা বিশেষজ্ঞদের। গবেষকদের কাছে এটি ‘ক্লেরমন্ট-টোনের গ্রেইল’ নামে পরিচিত। আগামী মাসে বিখ্যাত প্রতিষ্ঠান ক্রিস্টিজ একটি বিশেষ নিলামের আয়োজন করতে যাচ্ছে। সে অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে মূল্যবান বইটি।

পাণ্ডুলিপিটি প্রাচীন ফরাসি ভাষায় লেখা। এটি মূলত ‘ল্যান্সলট-গ্রেইল সাইকেল’ নামে পরিচিত একটি বিখ্যাত গল্প সিরিজের অংশ। ক্রিস্টিজ কর্তৃপক্ষ বইটির আনুমানিক মূল্য নির্ধারণ করেছে ২০-২৭ লাখ ডলারের মধ্যে। প্রাচীন বইটি সাধারণ কোনো কাগজে লেখা নয়। এটি লেখা হয়েছে ভেলাম বা পশুর চামড়া দিয়ে তৈরি বিশেষ এক ধরনের প্রাচীন কাগজে। এর চেয়েও বড় আকর্ষণ হলো পুরো পাণ্ডুলিপিটি খাঁটি স্বর্ণের পাত দিয়ে সাজানো হয়েছে।

ক্রিস্টিজের মধ্যযুগীয় ও রেনেসাঁ পাণ্ডুলিপি বিভাগের পরিচালক ইউজেনিও ডোনাডোনি জানান, বইটিতে কিং আর্থারের কাহিনীর ১২৬টি অত্যন্ত সমৃদ্ধ ও রঙিন চিত্রকর্ম রয়েছে। এ কাহিনীকে কেন্দ্র করে পরবর্তী সময়ে অসংখ্য বই, সিনেমা ও একাডেমিক গবেষণা তৈরি হয়েছে।

ডোনাডোনি আরো জানান, পাণ্ডুলিপিটি এর আগে কখনো জনসমক্ষে প্রদর্শন করা হয়নি। এমনকি এটি নিয়ে আগে বড় কোনো গবেষণাও হয়নি। ফলে এটি ইতিহাসবিদদের কাছে প্রায় এক ‘অজানা’ রত্ন।

জুলাইয়ের এ নিলামে বিশ্বের বড় বড় জাদুঘর ও ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। কারণ মধ্যযুগীয় এমন অজানা দলিল নিজেদের সংগ্রহে রাখতে চাইবেন যেকোনো ইতিহাসবিদ বা ধনী সংগ্রাহক। গত ৭০০ বছর যেভাবে বিভিন্ন শৌখিন মানুষ এটিকে যত্ন করে আগলে রেখেছিলেন, এবারো তেমন কোনো যোগ্য মানুষের হাতেই এটি পৌঁছবে বলে বিশ্বাস ডোনাডোনির। খবর ও ছবি সিএনএন

আরও