সাতক্ষীরায় সব ধরনের চালের দাম বেড়েছে

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের কয়েকটি খুচরা চালের আড়ত ঘুরে গতকাল দেখা যায়, প্রতি কেজি চিকন মিনিকেট ৬২-৬৪ টাকা, চিকন ২৮ জাতের চাল ৫৬-৫৮, মোটা চাল ৪৫ ও আতপ চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে।

সাতক্ষীরার বাজারে দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। প্রকারভেদে পাইকারি ও খুচরা পর্যায়ে প্রতি মণে বেড়েছে ১২০-১৬০ টাকা। ব্যবসায়ী ও চালকলের মালিকরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে নিত্যপণ্যটির।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের কয়েকটি খুচরা চালের আড়ত ঘুরে গতকাল দেখা যায়, প্রতি কেজি চিকন মিনিকেট ৬২-৬৪ টাকা, চিকন ২৮ জাতের চাল ৫৬-৫৮, মোটা চাল ৪৫ ও আতপ চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। দুই-তিন সপ্তাহ আগেও চিকন মিনিকেট ও ২৮ জাতের চাল কেজিতে ৩-৪ টাকা কমে বিক্রি হয়েছে। মোটা ও আতপ চালের দামও ছিল কেজিতে ২ টাকা কম।

দাম বাড়ার বিষয়ে খুচরা চাল ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ‘‌বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারিতে সব ধরনের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।’

সাতক্ষীরার চাল উৎপাদনকারী ও পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স তপন রাইস মিলের স্বত্বাধিকারী তপন সাহা জানান, সম্প্রতি সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় চিকন ও মোটা চালের পাইকারি দাম প্রতি মণে ১২০-১৬০ টাকা বেড়েছে। তবে নতুন আমন চাল বাজারে এলে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, ২০২৬-২৭ আমন মৌসুমে জেলায় ২ লাখ ৭০ হাজার ৪৮০ টন চাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে আমনের আবাদ হয়েছে জেলার ৯০ হাজার ১৬০ হেক্টর জমিতে। এরই মধ্যে নতুন ধান বাজারে উঠতে শুরুও করেছে। শিগগিরই চালের দাম কমে আসবে বলে তিনিও আশা প্রকাশ করেছেন।

আরও