ইউরোপের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির আধিপত্য অব্যাহত

ইউরোপের গাড়ির বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। মহাদেশটিতে যাত্রীবাহী গাড়ির বাজারে গত মে মাসে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

ইউরোপের গাড়ির বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। মহাদেশটিতে যাত্রীবাহী গাড়ির বাজারে গত মে মাসে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। তবে লক্ষণীয় ছিল, বাজারটিতে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) আধিপত্য বজার রেখেছে। খবর আনাদোলু।

ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মে মাসে ইউরোপে নতুন গাড়ি নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য (ইউকে) এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (ইএফটিএ) বৃহত্তম এ বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে স্পেনে, যেখানে গাড়ি বিক্রি বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে নেদারল্যান্ডস ৭ দশমিক ৩ শতাংশ, যুক্তরাজ্য ১ দশমিক ৬ ও জার্মানি ১ দশমিক ২ শতাংশ।

তবে ফ্রান্স ও ইতালির মতো ইউরোপের উল্লেখযোগ্য অর্থনীতিতে মে মাসে গাড়ি বিক্রিতে পতন দেখা গেছে। এর মধ্যে ফ্রান্সে ১২ দশমিক ৩ ও ইতালিতে দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।

গত মাসে ইউরোপের বাজারে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল ইভি। তখন ব্যাটারিচালিত বিদ্যুচ্চালিত গাড়ি (বিইভি) বিক্রি আগের বছরের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৪৯৩ ইউনিট। মোট বিক্রীত নতুন গাড়ির মধ্যে বিইভির হিস্যা ছিল ১৫ দশমিক ৪ শতাংশ।

এ সময় জার্মানিতে বিইভি বিক্রি বেড়েছে ৪৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে স্পেন ও পোল্যান্ডে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১০৪ দশমিক ১ ও ১১৮ দশমিক ৩ শতাংশ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি।

ইউরোপীয় বাজারে আধিপত্য আরো জোরদার করেছে হাইব্রিড-ইলেকট্রিক গাড়ি (এইচইভি)। মে মাসে এ ধাঁচের গাড়ির নিবন্ধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ১৫০ ইউনিট, যা ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ইইউর বাজারে বিক্রীত ইভির মধ্যে এইচইভির হিস্যা ৩৫ দশমিক ১ শতাংশ।

প্লাগ-ইন হাইব্রিড গাড়ি (পিএইচইভি) বিক্রিতেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এ ধরনের গাড়ির বিক্রি ৪৬ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ১৪৭ ইউনিট।

অন্যদিকে সনাতনী ধাঁচের কম্বাশন ইঞ্জিনচালিত (আইসিই) গাড়ির চাহিদা ব্যাপক মাত্রায় কমেছে।

পেট্রলচালিত গাড়ির নিবন্ধন ১৯ দশমিক ৫ শতাংশ কমে বাজারে অংশীদারত্ব দাঁড়িয়েছে ২৮ দশমিক ৬ শতাংশ।

পেট্রলের তুলনায় ডিজেলচালিত গাড়ির অবস্থা আরো খারাপ। এ ধাঁচের গাড়ির নিবন্ধন ২৭ দশমিক ৬ শতাংশ কমেছে। মে মাসে ইউরোপে ডিজেলচালিত গাড়ির বাজার হিস্যা ছিল মাত্র ৯ দশমিক ৫ শতাংশ। ইউরোপের অধিকাংশ বাজারেই ডিজেল গাড়ির বিক্রিতে দুই অংকের সংকোচন দেখা গেছে।

আরও