এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে।

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, দক্ষিণ এশিয়ার ক্রেতারা বর্তমান এলএনজির দামকে লাভজনক নয় বলে মনে করছেন। এ কারণে চাহিদা কমার পাশাপাশি উচ্চ মজুদ পরিস্থিতি এলএনজির মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

এলএনজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের বাজারে সাপ্তাহিক লেনদেনের শেষদিন ছিল শুক্রবার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনব্যাপী লেনদেন শেষ হওয়ার পর উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির সর্বশেষ সাপ্তাহিক গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি এমএমবিটিইউয়ে ১২ ডলার ৩০ সেন্ট। এটি আগের সপ্তাহের এমএমবিটিইউয়ে ১২ ডলার ৯০ সেন্টের তুলনায় কম।

ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘পর্যাপ্ত সরবরাহ এবং মজুদ বেশি হওয়ায় দামে ধীরগতির নিম্নমুখিতা দেখা যাচ্ছে। তবে গরম বাড়ার কারণে অতিরিক্ত চাহিদা মেটাতে এশিয়ার বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো পুনরায় ক্রয় কার্যক্রম শুরু করতে পারে।’

তিনি আরো বলেন, ‘সামগ্রিকভাবে এলএনজির চাহিদা এখনো কম আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রাকৃতিক গ্যাস হাবেও একই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।’

আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিংয়ের মার্টিন সিনিয়র জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ কয়লা দিয়ে মেটানো হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার গর্গন প্লান্টের থার্ড ট্রেইন, যুক্তরাষ্ট্রের এলবা আইল্যান্ড টার্মিনাল এবং সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ডে রক্ষণাবেক্ষণের কাজের কারণে উৎপাদনে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও চীনের অনেক ক্রেতার কাছে বর্তমান দাম এখনো বেশি বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সপ্তাহজুড়ে কিছুটা বাড়লেও নরওয়ে থেকে সরবরাহ বাড়ার কারণে শুক্রবার তা আবার কমে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জ্বালানি খাত লক্ষ্য করে ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। এতে নর্ড স্ট্রিম পাইপলাইন সংক্রান্ত সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে রাবোব্যাংকের জ্বালানি স্ট্র্যাটেজিস্ট ফ্লোরেন্স শ্মিট বলেন, ‘নতুন নিষেধাজ্ঞা নর্ড স্ট্রিমের পুনর্ব্যবহার একেবারে বন্ধ করলেও ইউরোপের প্রাকৃতিক গ্যাসের সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় বিশেষ কোনো প্রভাব ফেলেনি।’

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১১ ডলার ৪০ সেন্টে। একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৪৫ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১১ ডলার ৪৪ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ আগস্টে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১১ ডলার ২৭ সেন্ট।

এদিকে স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরীয় পথে গত শুক্রবার এলএনজি পরিবহন ব্যয় বেড়ে দৈনিক ৩১ হাজার ৭৫০ ডলারে পৌঁছেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় দৈনিক ৩৮ হাজার ২৫০ ডলারে স্থিতিশীল ছিল।

আরও