কাতারের ইসলামী অর্থনীতি খাত উন্নতির ধারা অব্যাহত রেখেছে। নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে এ খাতের সম্পদ আগের বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ বিলিয়ন কাতারি রিয়াল বা ১৮৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমপরিমাণে। খবর আরব নিউজ।
কাতারভিত্তিক বেইট আল মাশুরা ফাইন্যান্স কনসালটেশনসের প্রতিবেদন অনুসারে, ইসলামী ব্যাংকগুলোই এ খাতের সর্বোচ্চ অংশীদারত্ব বজায় রেখেছে। মোট সম্পদের ৮৭ দশমিক ৪ শতাংশ এ প্রতিষ্ঠানগুলোর হাতে। এর পরের অবস্থানে রয়েছে শরিয়াহসম্মত সুকুক (১১ দশমিক ২ শতাংশ), তাকাফুল (ইসলামী বীমা দশমিক ৭ শতাংশ) এবং বাকি অংশ বিভিন্ন বিনিয়োগ তহবিল ও অন্যান্য ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত।
২০২৫ সালের শুরুতে বৈশ্বিক ইসলামি অর্থব্যবস্থা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। ২০২৪ সালে বৈশ্বিক খাতটি ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতে সম্পদের শক্তিশালী প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রায় সুকুক ইস্যু ২৯ শতাংশ বৃদ্ধি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কাতারের ইসলামী ব্যাংক খাতে সম্পদ ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ দশমিক ৫ বিলিয়ন রিয়াল। আমানত ৮ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৯ দশমিক ১ বিলিয়ন রিয়াল, যার মধ্যে বেসরকারি খাতের আমানতের অংশ ৫৭ শতাংশ।