বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাইকার সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে টেকসই উন্নয়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘জাইকার সহযোগিতায় বাস্তবায়নাধীন “জাইকা জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প” দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বৈঠকে জানানো হয়, প্রকল্পের আওতায় জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ইয়ার্ডের সক্ষমতা মূল্যায়ন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, আধুনিক নির্দেশিকা প্রণয়ন এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধা পরিকল্পনা (এসআরএফপি) যাচাই ও সনদ প্রদান এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ পরিকল্পনা (এসআরপি) অনুমোদন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ খাতে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমাতে একটি একক সেবা অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন সরকারি অনুমোদন দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হবে।
জাইকার প্রতিনিধি দলের প্রধান জানান, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের প্রশাসনিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন ও পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। স্থানীয় উদ্যোক্তাদের প্রযুক্তি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বড় দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ বোর্ডের মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা খাতুন মিনু উপস্থিত ছিলেন।