৮ লাখ ডলারে বিক্রির প্রত্যাশা

নিলামে উঠছে ৫০ বছর পুরনো দুর্লভ অ্যাপল কম্পিউটার

প্রায় ৫০ বছর পুরনো কম্পিউটারটি এখনো সচল রয়েছে। অ্যাপল-১ রেজিস্ট্রিতে এর অবস্থান ৪৮ নম্বরে।

প্রযুক্তি ইতিহাসের অন্যতম দুর্লভ কম্পিউটার অ্যাপল-১। প্রায় অর্ধশত বছর পুরনো ডিভাইসটি ফের নিলামে উঠছে। এটি অ্যাপলের প্রথম দিকের তৈরি কম্পিউটারগুলোর একটি। ‘হ্যাটফিল্ড’ নামে পরিচিত কম্পিউটারটি এর আগে ২০১৩ সালে ৬ লাখ ৭১ হাজার ৪০০ ডলারে বিক্রি হয়। এবারো এর দাম কয়েক লাখ ডলারে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামকারী প্রতিষ্ঠান বনহামস অ্যাপল-১ কম্পিউটারটির ৮ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে। যদিও এটি অ্যাপলের প্রথম দিকের খুচরা মূল্যের তুলনায় খুব বেশি নয়। তখন কম্পিউটারটির দাম ছিল ৬৬৬ দশমিক ৬৬ ডলার।

কম্পিউটারটির বিশেষত্ব শুধু এর বয়স বা দুর্লভ হওয়ার কারণে নয়। ডিভাইসটির মাদারবোর্ডে স্বাক্ষর রয়েছে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের। তিনিই অ্যাপল-১ কম্পিউটারটি নকশা করেছিলেন।

প্রায় ৫০ বছর পুরনো কম্পিউটারটি এখনো সচল রয়েছে। অ্যাপল-১ রেজিস্ট্রিতে এর অবস্থান ৪৮ নম্বরে।

অ্যাপল-১-এর মূল মালিক ছিলেন ফ্রেড হ্যাটফিল্ড। অ্যাপলের যাত্রার শুরুর বছরেই তিনি কম্পিউটারটি কিনেছিলেন। তার নাম থেকেই কম্পিউটারটির ‘হ্যাটফিল্ড’ নামটি এসেছে।

বর্তমানে বিশ্বে ৭৫টিরও কম অ্যাপল-১ টিকে আছে বলে জানা যায়। এর মধ্যে সচল কম্পিউটারের সংখ্যা আরো কম। ফলে সংগ্রাহকদের কাছে এ ধরনের কম্পিউটারের ঐতিহাসিক মূল্য অনেক বেশি।

অ্যাপল-১ আজকের সময়ের হিসাবে খুব বেশি উন্নত কম্পিউটার ছিল না। এতে ছিল মাত্র ৪ কিলোবাইট র‍্যাম। ব্যবহারকারীকেই আলাদাভাবে পাওয়ার সাপ্লাই, কিবোর্ড ও মনিটর সংগ্রহ করতে হতো। তবে সত্তরের দশকের মাঝামাঝি সময়ে এটি ছিল তুলনামূলক সহজে ব্যবহারযোগ্য একটি কম্পিউটার। কারণ এর মাদারবোর্ড আগে থেকেই সংযোজিত ছিল। এছাড়া এতে বিল্ট-ইন ভিডিও আউটপুটও ছিল।

তখন প্রায় ২০০টি অ্যাপল-১ তৈরি করা হয়েছিল। এরপর অ্যাপল-২ বাজারে আসার পর প্রতিষ্ঠানটি ‘শখের কম্পিউটারপ্রেমীদের’ বাজার ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে।

নিলামে অ্যাপল-১ কম্পিউটারটির সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ স্মারক থাকবে। ক্রেতা পাবেন স্টিভ জবসের স্বাক্ষর করা একটি চিঠি। ১৯৭৮ সালে লেখা ওই চিঠির সঙ্গে অ্যাপলের শুরুর সময়ের ব্যবসায়িক ইতিহাসও জড়িয়ে আছে।

চিঠিতে জবস হ্যাটফিল্ডকে তার অ্যাপল-১ কম্পিউটার ও ৪০০ ডলারের একটি চেক অ্যাপলের কাছে পাঠাতে বলেন। এর বিনিময়ে তাকে ৪ কিলোবাইট মেমোরিযুক্ত অ্যাপল-২ বোর্ড দেয়ার কথা জানানো হয়।

তবে হ্যাটফিল্ড সে প্রস্তাব গ্রহণ করেননি। পরে তিনি অ্যাপল-১ কম্পিউটারটি একজন সংগ্রাহকের কাছে মাত্র ৪০ হাজার ডলারে বিক্রি করেন। তবে সে অর্থ তিনি নিউ অরলিন্সে ভালো খাবার ও গান শোনার পেছনে ব্যয় করেছিলেন।

আগামী ১৪ অক্টোবর অ্যাপল-১ কম্পিউটারটির নিলাম অনুষ্ঠিত শুরু হওয়ার কথা। তার আগে কম্পিউটারটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শন করবে বনহামস। —এনগ্যাজেট অবলম্বনে

আরও