বিশ্ববাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডাটা আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা এর অপেক্ষায় আছেন।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডাটা আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা এর অপেক্ষায় আছেন। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সম্ভাব্য প্রভাব নিয়েও ভাবছেন তারা। ফলে বাণিজ্যিক কার্যক্রম আগের তুলনায় কমেছে। এ কারণে বিশ্ববাজারে গতকাল কিছুটা নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স।

স্পট মার্কেটে স্বর্ণের দাম গতকাল কমেছে দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৬১১ ডলার ৩৯ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও মূল্যবান ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সে ২ হাজার ৬২৪ ডলারে স্থির হয়েছে।

সুইজ্যারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘‌উৎসব মৌসুমের কারণে সব ধরনের সম্পদে নগদ প্রবাহ কম। বাজার অংশগ্রহণকারীরা আগামী মার্কিন অর্থনৈতিক ডাটা অনুসরণ করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানো অব্যাহত রাখতে পারে।’

বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম কমলেও সামনের দিনগুলোয় বাজার দর ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে বলে মনে করছেন বেশির ভাগ বাজার বিশ্লেষক। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনায় স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর মূল্যবান ধাতুটির দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। গত ৩১ অক্টোবর এটি আউন্সপ্রতি রেকর্ড ২ হাজার ৭৯০ ডলার ১৫ সেন্টে পৌঁছেছিল।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন অনুযায়ী, ভূরাজনৈতিক ঝুঁকি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় ও মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার হ্রাসের কারণে আগামী বছর স্বর্ণের শক্তিশালী চাহিদা বজায় থাকতে পারে। ফলে ২০২৫ সালেও ঊর্ধ্বমুখী থাকবে পণ্যটির বাজারদর।

স্বর্ণের দাম চলতি বছর বার্ষিক ভিত্তিতে ৪০ বার রেকর্ড ভেঙেছে। শুধু তৃতীয় প্রান্তিকে মোট চাহিদা অতিক্রম করেছিল ১০ হাজার কোটি ডলার। এ সময় পণ্যটির চাহিদা বাড়াতে ভূমিকা রেখেছিল ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা। এছাড়া নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অনিশ্চয়তাও স্বর্ণের দাম বাড়িয়েছে। এছাড়া বছরের বেশির ভাগ সময়েই এশিয়ায় শক্তিশালী ছিল পণ্যটির চাহিদা।

এদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম আউন্সপ্রতি ২৯ ডলার ৩৮ সেন্টে স্থিতিশীল ছিল। এদিন প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৯২৩ ডলার ৫৩ সেন্টে। প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯১২ ডলার ৭৩ সেন্টে পৌঁছেছে।

আরও