দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘আরই১০০’-এ যোগদান

২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি আকিজ বশির গ্রুপের

আকিজ বশির গ্রুপের নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে আরো পরিকল্পিত, পরিমাপযোগ্য ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করবে ‘আরই১০০’।

বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক করপোরেট উদ্যোগ ‘আরই১০০’-এ যোগ দিয়েছে আকিজ বশির গ্রুপ। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ক্লাইমেট গ্রুপ পরিচালিত এ উদ্যোগে যুক্ত হয়ে ২০৫০ সালের মধ্যে সব কার্যক্রমে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হয়েছে দেশের এ শিল্পগোষ্ঠী। আকিজ বশির গ্রুপ জানিয়েছে, বর্তমানে গ্রুপটির পার্টিকেল বোর্ড, সিরামিকস, গ্লাসসহ বিভিন্ন উৎপাদন কেন্দ্রে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে।

‘আরই১০০’-এর সদস্য বিশ্বের চার শতাধিক প্রতিষ্ঠান। সদস্য প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের অগ্রগতি প্রতি বছর প্রকাশ করে এবং উদ্যোগটির কারিগরি মানদণ্ড অনুযায়ী তথ্য যাচাই করা হয়। পাশাপাশি সদস্যরা নবায়নযোগ্য শক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞ মতামত ও নীতিগত আলোচনায় অংশ নেয়ার সুযোগ পায়।

আকিজ বশির গ্রুপের নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে আরো পরিকল্পিত, পরিমাপযোগ্য ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরি করবে ‘আরই১০০’। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের অগ্রগতি আরো কার্যকরভাবে পরিমাপের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে নিজেদের কার্যক্রমের সামঞ্জস্য বাড়াতে এবং গ্রাহক ও অংশীদারদের আস্থা আরো জোরদার করতে পারবে। একই সঙ্গে বিশ্বজুড়ে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের সম্প্রসারণে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

আকিজ বশির গ্রুপের মালিকানাধীন ত্রিশালের আকিজ সিরামিকসে ২৪ দশমিক ৩৯ মেগাওয়াট পিকের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ২৮ হাজার ৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা রয়েছে। এতে বছরে প্রায় ২২ হাজার ৪৪০ টন কার্বন নিঃসরণ কমবে। প্রকল্পটির ১০ মেগাওয়াট জাতীয় গ্রিডে নেট মিটারিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছে।

হবিগঞ্জের আকিজ বশির গ্লাসে ১৮ দশমিক ২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ব্যাটারি এনার্জি স্টোরেজ স্থাপন করা হয়েছে। সেখানে সৌরবিদ্যুতের পাশাপাশি ওয়েস্ট হিট রিকভারি প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কারখানাটির মোট শক্তি ব্যবহারের ৭১ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে।

জনতা জুট মিলসের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা মিলটির সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। এছাড়া আকিজ পার্টিকেল বোর্ড মিলসে ৮ দশমিক ১ মেগাওয়াট পিকের সৌরবিদ্যুৎ ব্যবস্থা বছরে প্রায় ৯ দশমিক ৩ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন এবং প্রায় ৭ হাজার ৪৫২ টন কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, ‘আরই১০০-তে যোগদান মানে শুধু নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি নয়। ব্যবসা পরিচালনার জন্য বিদ্যুতের ব্যবহার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের যে পদ্ধতি, তা রূপান্তরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ বৈশ্বিক উদ্যোগে যোগ দিতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরো বলেন, ‘আকিজ বশির গ্রুপ বিশ্বাস করে, ব্যবসার ভবিষ্যৎ গড়ে উঠতে হবে প্রবৃদ্ধি ও দায়িত্বশীলতার সমন্বয়ে। এ প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশে আরো পরিবেশবান্ধব ও মজবুত শক্তি ব্যবস্থার রূপান্তরে অবদান রাখতে চাই। একই সঙ্গে অন্যান্য ব্যবসা ও শিল্প খাতকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে উৎসাহিত করতে চাই।’ যা সম্মিলিতভাবে ব্যবসা, জনসাধারণ ও বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন আকিজ বশির গ্রুপের এমডি।

আরও