বিনিয়োগ আকর্ষণে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের রোড শো

এ আয়োজনে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন ও বিনিয়োগের সুযোগ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে শিল্প স্থাপন ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড। এ লক্ষ্যে বৃহস্পতিবার বগুড়ায় আয়োজন করা হয় ‘বগুড়া বিনিয়োগকারী রোড শো ২০২৬’। এতে এ অঞ্চলের প্রায় ৭৫ জন স্থানীয় বিনিয়োগকারীসহ ব্যবসায়ী ও তাদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। রোড শোতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ সম্ভাবনা, অবকাঠামোগত সুবিধা এবং বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

এ আয়োজনে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন ও বিনিয়োগের সুযোগ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে আঞ্চলিক পর্যায়ে এ ধরনের বিনিয়োগ রোড শোর গুরুত্ব তুলে ধরেন সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন। এছাড়া রোড শোতে বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তাইয়ব জাকির ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল বক্তব্য দেন। তারা শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি রোড শোতে অংশ নেয়া বিনিয়োগকারী, ব্যবসায়ী, অতিথি ও ব্যবসায়িক প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

এ মতিন চৌধুরী বলেন, ‘সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ও বিনিয়োগ আকর্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রোড শোর মাধ্যমে উত্তরাঞ্চলের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে আরো কার্যকর সংযোগ গড়ে তোলা এবং সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আরও