যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রোশ

আগামী পাঁচ বছরে মার্কিন ওষুধ ও ডায়াগনস্টিক খাতে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সুইস ফার্মাসিউটিক্যালস জায়ান্ট রোশ।

আগামী পাঁচ বছরে মার্কিন ওষুধ ও ডায়াগনস্টিক খাতে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সুইস ফার্মাসিউটিক্যালস জায়ান্ট রোশ। ওষুধ আমদানিতে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার মধ্যেই এ ঘোষণা এসেছে। খবর আনাদোলু।

এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে রোশে সরাসরি ‌এক হাজার কর্মী নিয়োগ দেবে। পরোক্ষভাবে আরো ১১ হাজার কর্মসংস্থান তৈরি হবে।

যুক্তরাষ্ট্রে আগে থেকেই শক্তিশালী উপস্থিতি রয়েছে রোশের। কোম্পানিটির অধীনে ২৫ হাজারের বেশি কর্মী ১৫টি গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র এবং ১৩টি কারখানায় কাজ করছে।

সদ্য ঘোষিত এ বিনিয়োগের আওতায় ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, ইন্ডিয়ানা ও পেনসিলভানিয়ায় স্থাপিত গবেষণা এবং উৎপাদন কেন্দ্রগুলো সম্প্রসারণ ও শক্তিশালী করবে রোশ।

ম্যাসাচুসেটসে নতুন একটি গবেষণা কেন্দ্র স্থাপন করবে কোম্পানিটি, যেখানে বিপাক ক্রিয়া, কিডনি রোগ ও হৃদরোগের চিকিৎসা নিয়ে গবেষণা চলবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে।

এছাড়া পরবর্তী প্রজন্মের ওজন কমানোর ওষুধের চাহিদা মেটাতে নয় লাখ বর্গফুটের নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করবে রোশ। তবে কারখানাটি কোথায় হবে তা উল্লেখ করেনি।

রোশ জানিয়েছে, এ অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রে আমদানির তুলনায় দেশটি থেকে বেশি ওষুধ রফতানি হবে।

রোশ গ্রুপের সিইও থমাস শিনেকার মতে, যুক্তরাষ্ট্রে কোম্পানিটির ১১০ বছরের ঐতিহ্য রয়েছে। যেখানে ওষুধ ও ডায়াগনস্টিক বিভাগ কর্মসংস্থান, উদ্ভাবন এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। আগামী পাঁচ বছরে ৫ হাজার কোটি ডলারের বিনিয়োগ ভবিষ্যৎ উদ্ভাবন ও প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করবে, যা যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী রোগীদের উপকৃত করবে।

৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ফার্মাসিউটিক্যালস শিল্পকে শুল্ক অব্যাহতির বাইরে না রাখার ঘোষণা দেবেন শিগগিরই। এর দুই সপ্তাহ পর রোশ বড় অংকের বিনিয়োগের খবর দিল।

আরও