এখন শ্যাম্পু থেকে শুরু করে চকোলেট ও বিস্কুট তৈরিতেও এআই ব্যবহার হচ্ছে। ফলে কোম্পানিগুলো আগের চেয়ে অনেক দ্রুত ও কম খরচে নতুন পণ্য বাজারে আনতে পারছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ল’রিয়েলের চার গুণ দ্রুত পণ্য তৈরি
ফরাসি প্রসাধনী কোম্পানি ল’রিয়েল জানায়, স্কিনকেয়ার বা ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যের উপাদানগুলো শ্যাম্পুতে ব্যবহারের জন্য এআই প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। ল’রিয়েলের কনজিউমার প্রোডাক্টস ইউনিটের প্রেসিডেন্ট ফ্যাব্রিস মেগারবেন জানান, ল’রিয়েল প্রায় চার বছর আগে গবেষণাগারে এআই ব্যবহার শুরু করে। প্রযুক্তিটির সাহায্যে ত্বক ও চুলের ওপর বিভিন্ন উপাদানের কার্যকারিতা আগে থেকেই অনুমান করা সম্ভব হচ্ছে। ফলে কোম্পানিটি এখন আগের চেয়ে চার গুণ দ্রুত নতুন পণ্য তৈরি করতে পারছে। সম্প্রতি স্কিনকেয়ারের উপাদান ব্যবহার করে চুলে ভলিউম বাড়ানোর একটি নতুন শ্যাম্পু তৈরি করেছে ব্র্যান্ডটি। ল’রিয়েলের প্রধান নির্বাহী (সিইও) নিকোলাস হিরোনিমাস গত বছর পণ্য উদ্ভাবনের গতি বাড়াতে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন।
নেসলে ও মনডেলিজের নতুন রেসিপি
প্রসাধনী কোম্পানির পাশাপাশি নেসলে, হ্যালিওন ও মনডেলিজের মতো শীর্ষস্থানীয় খাদ্য ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোও পণ্য উদ্ভাবনে এআই ব্যবহার করছে। ক্যাডবেরি ও টোবলারোনের মতো বিখ্যাত চকোলেট ব্র্যান্ডের প্যারেন্ট কোম্পানি মনডেলিজ। কোম্পানিটির প্রধান তথ্য ও ডিজিটাল কর্মকর্তা ফিলিপ্পো ক্যাটালানো জানান, এআই প্রযুক্তি মানুষের উদ্ভাবনী ক্ষমতাকে আরো বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে চকোলেট ও বিস্কুটের রেসিপি দ্রুত পরিবর্তন ও নতুন আইডিয়া তৈরি করা যাচ্ছে।
মনডেলিজ জানায়, তাদের এআই টুলটি ‘গ্লুটেন ফ্রি গোল্ডেন ওরিও’ ও ‘চিপস আহোয়’ কুকিজের নতুন রেসিপি তৈরিতে সাহায্য করেছে। বিস্কুট ক্যাটাগরিতে এআই দিয়ে তৈরি ৬০ শতাংশ রেসিপি পুষ্টিগুণ, স্থায়িত্ব ও খরচের দিক থেকে আগের চেয়ে ভালো ফল দিয়েছে।
বিশ্বজুড়ে ক্রেতাদের রুচি ও চাহিদার দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে কনজিউমার কোম্পানিগুলোর ওপর নতুন পণ্য দ্রুত বাজারে আনার চাপ বাড়ছে। একই সঙ্গে উৎপাদন খরচ কমানোর প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে এআই প্রযুক্তি ব্যবহার করে উপাদান পরীক্ষা ও সরবরাহ চেইনের দুর্বলতা দূর করা সহজ হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট খাতের নির্বাহীরা।