নিম্নমুখী বিক্রির প্রভাব পোরশের শেয়ারদরে

সম্প্রতি জার্মান পুঁজিবাজারে গাড়ি নির্মাতা পোরশের শেয়ারদরে পতন ঘটেছে। এতে প্রভাব রেখেছে গাড়ি বিক্রিসংক্রান্ত নেতিবাচক খবর।

সম্প্রতি জার্মান পুঁজিবাজারে গাড়ি নির্মাতা পোরশের শেয়ারদরে পতন ঘটেছে। এতে প্রভাব রেখেছে গাড়ি বিক্রিসংক্রান্ত নেতিবাচক খবর। কোম্পানটি জানিয়েছে, গাড়ির বিক্রি কমে যাওয়া ও খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর কোম্পানির মুনাফা কমতে পারে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয় দফায় মুনাফা-হ্রাসসংক্রান্ত বিষয়ে সতর্ক করল পোরশে। খবর ইউরো নিউজ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ৪ হাজার ১০ কোটি ইউরো আয় করেছে পোরশে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ কম। তবে প্রতিযোগিতামূলক মূল্যনির্ধারণ ও গাড়ি কাস্টমাইজেশনের সুযোগ লোকসান কিছুটা সীমিত রাখতে সাহায্য করেছে।

গত বছর পোরশের পরিচালন মুনাফা ছিল ৫৬০ কোটি ইউরো, যা আগের বছরের ৭৩০ কোটি ইউরোর তুলনায় কম। এছাড়া প্রফিট মার্জিন বা বিক্রয়ে লাভের হার ১৮ থেকে কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১ শতাংশে।

জার্মান কোম্পানিটি গত মাসে জানিয়েছে, নতুন হাইব্রিড ও সনাতনী ইঞ্জিননির্ভর মডেল তৈরিতে ৮০ কোটি ইউরো বিনিয়োগ করা হবে। তবে বড় এ বিনিয়োগ চলতি বছর কোম্পানির মুনাফায় প্রভাব ফেলতে পারে।

পোরশে আরো জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে প্রায় ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করবে তারা। পাশাপাশি স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ায় আরো দুই হাজার কর্মী তৎক্ষণাৎ চাকরি হারাতে পারে। এমন পরিস্থিতিতে কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয় ব্রিটিশ পরামর্শক কোম্পানি এজে বেলের বিনিয়োগ বিশেষজ্ঞ রাস মোল্ড বলেন, ‘পুরো গাড়ি শিল্পই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ একদিকে বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তর নিয়ে কঠোর নিয়মকানুন, অন্যদিকে সাধারণ ক্রেতাদের মধ্যে ইভি কেনার আগ্রহ এখনো খুব একটা বাড়েনি। এর সঙ্গে রয়েছে চীনা গাড়ি কোম্পানিগুলোর বাড়তি প্রতিযোগিতা ও দুর্বল ভোক্তা মনোভাব।’

আরও