মহামারীর চেয়েও বড় প্রভাব ফেলেছে লোহিত সাগর

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচলে ব্যাঘাত বৈশ্বিক সরবরাহ চেইনে কভিড-১৯ মহামারীর চেয়েও ক্ষতিকর প্রভাব ফেলছে।

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচলে ব্যাঘাত বৈশ্বিক সরবরাহ চেইনে কভিড-১৯ মহামারীর চেয়েও ক্ষতিকর প্রভাব ফেলছে। সমুদ্রবিষয়ক পরামর্শক সংস্থা ‌সি ইনটেলিজেন্স সতর্ক করেছে যে পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক অর্থনীতি নতুন করে সংকটে পড়তে পারে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর সম্প্রতি লোহিত সাগরে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেন সমর্থিত হুথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ও গাজার ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে গোষ্ঠীটি। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে হুথি বিদ্রোহীদের স্থাপনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য যৌথ অভিযান চালাচ্ছে। এতে গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারছে এ নৌপথ দিয়ে।

গত সপ্তাহের শেষের দিকে সি ইন্টেলিজেন্স প্রকাশিত প্রতিবেদন অনুসারে, লোহিত সাগর থেকে জাহাজগুলো সরিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দীর্ঘ ট্রানজিট ব্যবহার করতে হচ্ছে, যা এরই মধ্যে কভিড-১৯ মহামারীর সময়ের তুলনায় শিপিং জাহাজে আরো উল্লেখযোগ্য পরিমাণে প্রভাব ফেলছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমানে জাহাজের সক্ষমতা কমে যাওয়ার বিষয়টি সাম্প্রতিক বছরগুলোয় দ্বিতীয় বৃহত্তম। ২০২১ সালের মার্চে ছয়দিনের জন্য এভার গিভেন কনটেইনার জাহাজ আটকে সুয়েজ খাল বন্ধ ছিল। এ ঘটনার ফলে শতশত জাহাজ মুরিংয়ে আটকে যায় এবং স্টপেজের প্রতিদিনের জন্য বিশ্বব্যাপী বাণিজ্য ৯০০ কোটি ডলার আটকে যায় বলে জানা গেছে।

সিএনবিসির মতে, সি ইন্টেলিজেন্স ও সমুদ্রবিষয়ক অন্যান্য সংস্থাগুলোর প্রাক্কলন হলো বিশ্বের প্রায় ১০ শতাংশ নৌবহর বর্তমানে চালানো হচ্ছে না। অতিরিক্ত জাহাজ চলাচল করলে বর্তমানের সংকট কেটে যেতে পারে এবং সময়সূচির সমন্বয় হতে পারে।

লোহিত সাগরে আক্রমণের ঝুঁকি বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানিগুলোকে এশিয়া থেকে ইউরোপের দ্রুততম কার্গো রুট সুয়েজ খাল এড়াতে বাধ্য করেছে। সমুদ্রপথটি দিয়ে সাধারণত বৈশ্বিক বাণিজ্যিক শিপিংয়ের ১৫ শতাংশ পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত বৃহস্পতিবার লোহিত সাগরে সামুদ্রিক বাণিজ্য রক্ষার লক্ষ্য নিয়ে ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। পশ্চিমা বিমান হামলার পর একজন হুথি মুখপাত্র ঘোষণা দিয়েছিলেন, ‘‌একটি জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য এটি আমেরিকান হওয়াই যথেষ্ট।’ চলতি সপ্তাহে হুথি বিদ্রোহীরা মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজ জেনকো পিকার্ডিতে হামলার দায় স্বীকার করেছে।

আরও