বাজারে সরবরাহ বাড়ায় রোবাস্তা কফির দাম আরো কমেছে। বুধবার লন্ডনের ফিউচার মার্কেটে কৃষিপণ্যটির দাম দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি স্থির হয় ৩ হাজার ২৬৪ ডলারে। আগের দিন লন্ডনের বাজারে রোবাস্তা কফির দাম টনপ্রতি ৩ হাজার ১৬৬ ডলারে পৌঁছেছিল, যা ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। খবর বিজনেস রেকর্ডার।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রাজিল ও ইন্দোনেশিয়ায় নতুন ফসল বাজারে আসায় সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এছাড়া রোবাস্তার শীর্ষ উৎপাদনকারী দেশ ভিয়েতনামে ফলন বৃদ্ধির সম্ভাবনাও বাজারে মিশ্র প্রভাব ফেলেছে। দেশটিতে আগামী মৌসুমে উৎপাদন ৭ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে ব্রাজিলের কফি আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে কিনা, তা নিয়ে বিনিয়ােগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও ইউরোপে ব্রাজিলের কনিলন (রোবাস্তা) জাতের কফি সরবরাহ এখনো সীমিত। তবে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ হলে ইউরোপে সরবরাহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার অ্যারাবিকা কফির দর প্রতি পাউন্ডে দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রায় ৩ ডলারে।