বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে হংকং-চীন মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। কোম্পানিগুলো হালকা প্রকৌশল ও গার্মেন্ট অ্যাকসেসরিজ উৎপাদনে ৭০ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফলে ১ হাজার ১০৫ বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রাজধানীর বেপজা কমপ্লেক্সে গতকাল বেপজা এবং ডিজে কপার কোম্পানি লিমিটেড ও জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি লিমিটেডের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ঝ্যাং না ও ডিজে কপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ঝ্যাং জুনফেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
চুক্তি অনুযায়ী, হংকং-চীন মালিকানাধীন ডিজে কপার কোম্পানি ৫০ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মাধ্যমে কপার তার, কপার শিট, কপার হার্ডওয়্যার, কেবল লাইন, কেবল তার, জিপার দাঁত, ব্রাসের তার, ইলেকট্রনিক অ্যাকসেসরিজসহ (যেমন সুইচ প্লেট, বোতাম লোগো) বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং ও কপার পণ্য তৈরি করবে। কোম্পানিটি তাদের অনুকূলে বরাদ্দকৃত ২১ হাজার ৬০০ বর্গমিটার জমিতে নিজস্ব কারখানা ভবন নির্মাণ করবে, যেখানে ৫৩৫ বাংলাদেশী শ্রমিক নিয়োগ পাবেন।
অন্যদিকে হংকং-চীন মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান জিআরএক্স টেকনোলজি (বিডি) কোম্পানি ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের গার্মেন্ট অ্যাকসেসরিজ যেমন জিপার, ওয়াইজি স্লাইডার, জিঙ্ক অ্যালয় স্লাইডার, বোতাম, স্ন্যাপ বোতাম, লোগো ও বেল্ট বাকল ইত্যাদি উৎপাদন করবে। কোম্পানিটি ১৪ হাজার ৪০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে, যেখানে ৫৭০ বাংলাদেশীর কর্মসংস্থান হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।