চিলির রাষ্ট্রায়ত্ত তামা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোডেলকো জুনে গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি তামা উত্তোলন করেছে। দেশটির কপার কমিশন (কোচিলকো) সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময় কোম্পানিটির খনি থেকে মোট তামা উত্তোলন দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ২০০ টনে। কোডেলকো বিশ্বের সবচেয়ে বড় তামা উত্তোলনকারী প্রতিষ্ঠান।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় তামা খনি বিএইচপির এসকনডিডা খনিতে জুনে উত্তোলন আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ কমে ৭৬ হাজার ৪০০ টনে নেমে এসেছে। এ সময় গ্লেনকোর ও অ্যাংলো আমেরিকান কোম্পানির যৌথভাবে পরিচালিত কোলাহুয়াসি খনিতে উৎপাদন কমেছে ২৯ শতাংশ। মোট উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩০০ টনে।
এদিকে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল ছিল তামার দাম। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল ধাতুটির দাম টনপ্রতি ৭৮ হাজার ৯৬০ ইউয়ানে স্থিতিশীল ছিল। এ সময় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ২৫ শতাংশ বেড়েছে।