এ উপলক্ষে গতকাল প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকিজবশির গ্রুপের চেয়ারম্যান মনোয়ারা বেগম। শিল্প গ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগ আন্তর্জাতিক গুণগত মান ও নকশা বজায় রেখে স্থানীয় উৎপাদন সক্ষমতা শক্তিশালী করার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন।
জানা যায়, নতুন প্রকল্পের আকার হবে প্রায় পাঁচ লাখ বর্গফুট। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এ কারখানায় প্রায় ২ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটির বোন চায়না ইউনিটের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতিদিন প্রায় ২১ হাজার পিস। স্টোনওয়্যার ইউনিটগুলোয় সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস উৎপাদন করা হবে। এছাড়া নতুন পোরসেলিন ইউনিটেও প্রতিদিন প্রায় ৫০ হাজার পিস উৎপাদনের সক্ষমতা থাকবে। এসবই বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্র্যান্ডটির সক্ষমতাকে আরো শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বক্তারা উদ্ভাবন, আত্মনির্ভরতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, নতুন কারখানাটি কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।