স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতি-সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। এ তথ্য মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সময়সূচি নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দেখা গেছে মিশ্র প্রবণতা। স্পট মার্কেটে সামান্য বাড়লেও ফিউচার মার্কেটে তুলনামুলক স্থিতিশীল ছিল মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৩৪৯ ডলার ১৩ সেন্টে। অন্যদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩৯৮ ডলার ৯০ সেন্টে স্থিতিশীল ছিল।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা স্বর্ণের ওপর শুল্ক আরোপের সম্ভাবনা নাকচ করেন। ওই ঘোষণায় স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ২ শতাংশের বেশি হ্রাস পায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি উইজডমট্রির কমোডিটিজ স্ট্র্যাটেজিস্ট নিতেশ শাহ জানান, কোমেক্সে স্বল্প সময়ের মধ্যে সরবরাহযোগ্য স্বর্ণের দাম বর্তমানে লন্ডনের স্পট মূল্যের সমান। তবে শুল্ক বিবাদ নিয়ে ট্রাম্পের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় এ সমতা সাময়িক হতে পারে। অনিশ্চয়তা বাড়লে দামের পার্থক্য আবার বাড়তে পারে।
রয়টার্সের জরিপে অংশ নেয়া অর্থনীতিবিদদের মতে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দশমিক ৩ শতাংশ বেড়ে বার্ষিক হার ৩ শতাংশে পৌঁছতে পারে। এতে ফেডের মূল্যস্ফীতি ২ শতাংশে বেধে রাখার লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নাও হতে পারে।
উল্লেখ্য, ফেড যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ২ শতাংশের একটি দীর্ঘমেয়াদি বার্ষিক লক্ষ্যমাত্রা স্থির করেছিল।
এএনজেডের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সোনি কুমারি বলেন, ‘সাম্প্রতিক দুর্বল শ্রমবাজারের তথ্যের পর মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে সুদহার কমানোর সম্ভাবনা বাড়বে। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম আরো বাড়তে পারে।’
সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী মাসে সুদহার কমানোর সম্ভাবনা বর্তমানে ৮৫ শতাংশ।
ফেড চেয়ার জেরোম পাওয়েলের মেয়াদ আগামী বছরের মে মাসে শেষ হবে। ট্রাম্প এ বছরজুড়ে বড় ধরনের সুদহার কমানোর জন্য চাপ প্রয়োগ করলেও তাতে সফল হননি। এদিকে তিনি চীনের সঙ্গে শুল্কবিরতির মেয়াদ আরো ৯০ দিন বাড়িয়েছেন।
অন্যদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩৭ ডলার ৮১ সেন্টে। এ সময় প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ ডলার ৮৪ সেন্টে। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ১ হাজার ১৫২ ডলার ৬৮ সেন্টে।