রোবাস্তা কফির মান বৃদ্ধিতে ব্রাজিলের কৃষকদের নতুন উদ্যোগ

বিশ্বে রোবাস্তা কফি উৎপাদনে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় শীর্ষে। অ্যারাবিকা কফি উৎপাদনে দেশটি শীর্ষস্থানে রয়েছে।

বিশ্বে রোবাস্তা কফি উৎপাদনে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় শীর্ষে। অ্যারাবিকা কফি উৎপাদনে দেশটি শীর্ষস্থানে রয়েছে। তবে এক গবেষণায় দেখা গেছে, ২০৫০ সালের মধ্যে ব্রাজিলে অ্যারাবিকা কফির আবাদযোগ্য জমির তিন-চতুর্থাংশ উচ্চ তাপমাত্রা ও খরার কারণে চাষের অনুপযোগী হয়ে যেতে পারে। এ কারণে রোবাস্তা কফির মান বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিচ্ছেন ব্রাজিলের কৃষকরা।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চমানের অ্যারাবিকা কফির উৎপাদন ঝুঁকির মুখে পড়ায় ব্রাজিলের রোবাস্তা চাষীরা ফসল সংগ্রহ ও শুকানোর প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। প্রিমিয়াম বা উন্নত মানের রোবাস্তা উৎপাদন করতে এমন উদ্যোগ নিয়েছেন তারা।

তারা আরো জানান, বিশ্বব্যাপী কফির দাম ও চাহিদা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে প্রিমিয়াম রোবাস্তা ব্যবহার করে রোস্টাররা এস্প্রেসো ব্লেন্ডের জন্য ব্যয় কমিয়ে আনতে পারে।

বিশেষায়িত কফি মান নির্ধারণেও পরিবর্তন এসেছে। মান নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা স্পেশালটি কফি অ্যাসোসিয়েশন (এসসিএ) এবার আরাবিকা ও রোবাস্তা দুই ধরনের কফি গ্রেডিং কোর্স হালনাগাদ করেছে। এসসিএর চিফ স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অফিসার কিম ইওনেস্কু বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রিমিয়াম রোবাস্তা কফির চাহিদা বাড়ছে। তাই শুধু প্রজাতি অনুযায়ী কফির মান বা স্পেশালটি নির্ধারণ করা উচিত নয়। আগামী বছর এসসিএ ফ্লেভার ডিসক্রিপ্টর (কফির স্বাদের বর্ণনার মান) পুনঃসংস্কার করবে যেন রোবাস্তা কফির বিশেষ স্বাদ ও বৈশিষ্ট্যও এতে অন্তর্ভুক্ত করা যায়।’

ব্রাজিলের এস্পিরিতো সান্তো অঞ্চলে সবচেয়ে বেশি রোবাস্তা কফি উৎপাদন হয়। এ অঞ্চলের কৃষকরা এখন শুধু উৎপাদন নয়, উচ্চ মানের রোবাস্তা উৎপাদনে জোর দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আরো জানান, ২০৩২ সালের মধ্যে বার্ষিক ১৫ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।

ব্রাজিলের রোবাস্তা কফি চাষী সমবায় বা কো-অপারেটিভ কোয়াব্রিয়েলের কৃষি ব্যবস্থাপক জোসে রবার্তো গনকালভেস জানান, আগের মতো আগুন ব্যবহার করে শুকানো বাদ দিয়ে এখন মডার্ন ড্রায়ার ও সতর্ক বাছাই পদ্ধতি ব্যবহার করছেন কৃষকরা। ব্রাজিলের কৃষি গবেষণা প্রতিষ্ঠান ইনকাপের ও আইফেস জানিয়েছে, অনেক রোবাস্তা উৎপাদনকারী কৃষক উচ্চমূল্যের স্পেশালটি গ্রেডের জন্য সার্টিফিকেশন চাইছেন। এস্পিরিতো সান্তোর সেন্টার ফর স্পেশালিটি কফির কো-অর্ডিনেটর ডগলাস গঞ্জাগা দে সোসা বলেন, ‘রোবাস্তা কফি আগে কম মানের হিসেবে বিবেচিত হতো। এখন সে পরিস্থিতি বদলাচ্ছে।’

উচ্চমানের রোবাস্তার কারণে পণ্যটির চাহিদা ও দামও বেড়েছে। সিক্যাফের প্রধান মার্সিও ফেরেইরা জানান, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্পেশালিটি প্রতি ব্যাগ ব্রাজিলীয় রোবাস্তা কফির গড় দাম ছিল ২৯৫ ডলার, যা ২০২১ সালের দামের দ্বিগুণ। এছাড়া ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম ২০২১ সালের তুলনায় ৮০ শতাংশ বেড়েছে।

আরও