দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কার্যদিবস ধরে সূচকে নিম্নমুখিতা দেখা যাচ্ছে। টানা দরপতনের ফলে চার মাস পর এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স নেমেছে পাঁচ হাজার পয়েন্টের নিচে। গতকাল এক্সচেঞ্জটির সূচক কমেছে দশমিক ৬৪ শতাংশ। একই দিনে চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকও নিম্নমুখী ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৯ পয়েন্ট। এর আগে গত ৮ জুলাই সূচক ছিল ৪ হাজার ৯৮২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৪৬ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৫৬ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬৭টির আর দর অপরিবর্তিত ছিল ৬৩টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১২ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। বস্ত্র খাত ৮ দশমিক ৬ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৭ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল বিবিধ খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ২ শতাংশ।
গতকাল ডিএসইতে চারটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া পাট খাতে ১ দশমিক ৮ ও বস্ত্র খাতে ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল সেবা ও আবাসন খাতে সবচেয়ে বেশি ১ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া জীবন বীমা খাতে দশমিক ৪ ও টেলিযোগাযোগ খাতে দশমিক ২ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৬৮ দশমিক ৯ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১০৫ দশমিক ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২১টির আর দর অপরিবর্তিত ছিল ২৫টির। গতকাল সিএসইতে ২৪ কোটি ৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি ৭৫ লাখ টাকা।