হংকংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনসিলিকো মেডিসিনের সঙ্গে ২৭৫ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছে কোম্পানিটি। গতকাল এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনবিসি।
চুক্তির শর্ত অনুযায়ী, ইনসিলিকো মেডিসিন শুরুতেই নগদ ১১ কোটি ৫০ লাখ ডলার পাবে। বাকি অর্থ পর্যায়ক্রমে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বাণিজ্যিক মাইলফলক অর্জন এবং ভবিষ্যতে বিক্রীত ওষুধের রয়্যালটি হিসেবে দেয়া হবে।
ইনসিলিকো মেডিসিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যালেক্স জাভোরনকভ জানান, প্রতিষ্ঠানটি এ পর্যন্ত জেনারেটিভ এআই ব্যবহার করে অন্তত ২৮টি ওষুধ উদ্ভাবন করেছে। এর মধ্যে প্রায় অর্ধেকই বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ইনসিলিকোর শেয়ারদর চলতি বছরেই ৫০ শতাংশের বেশি বেড়েছে।
জাভোরনকভ বলেন, ‘এআইয়ের কিছু ক্ষেত্রে এলি লিলি আমাদের চেয়েও এগিয়ে আছে। তাদের এমন একজন বিশেষজ্ঞ রয়েছেন যিনি জীববিজ্ঞান, রসায়ন ও অটোমেশনকে একই ছাদের নিচে নিয়ে এসেছেন।’
এলি লিলি ও ইনসিলিকো ২০২৩ সাল থেকে একসঙ্গে কাজ করে আসছে। নতুন চুক্তির প্রসঙ্গে এলি লিলির মলিকিউল ডিসকভারি বিভাগের গ্রুপ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু অ্যাডামস বলেন, ‘এ সহযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন রোগ নিরাময়ের পথ এবং সম্ভাবনাময় ওষুধ দ্রুত শনাক্ত করতে সক্ষম হব।’
প্রতিবেদনে বলা হয়েছে, এলি লিলি সম্প্রতি চীনে ব্যবসার পরিধি বাড়াতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে বেইজিংয়ে এক উচ্চপর্যায়ের ফোরামে যোগ দেন লিলির সিইও ডেভিড এ. রিকস। এর কয়েক সপ্তাহ আগেই কোম্পানিটি আগামী এক দশকে চীনে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।