ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) রানার অটো সাসটেইনেবিলিটি বন্ড লেনদেন শুরু করেছে। গতকাল তালিকাভুক্তির জন্য ডিএসই ও রানার অটোমোবাইলস পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ডিএসইর সিনিয়র ম্যানেজার ও হেড অব ওটিসি মার্কেট ইশরাত জাহান এবং রানার অটোমোবাইলসের প্রধান আর্থিক কর্মকর্তা শানাত দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, দীর্ঘদিন পর ডিএসইর এটিবিতে একটি নতুন সিকিউরিটিজ (বন্ড) তালিকাভুক্তি হয়েছে, এজন্য রানার অটোমোবাইলসকে আন্তরিক ধন্যবাদ জানাই। আইপিও প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করতে ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করা হচ্ছে, যার মাধ্যমে কোম্পানিগুলো একসঙ্গে ডিএসই ও বিএসইসিতে আবেদন করতে পারবে। একই সঙ্গে তারা তাদের আবেদনের অগ্রগতি ট্র্যাক করার সুযোগও পাবে। তাছাড়া আইপিওতে আগ্রহী কোম্পানিগুলোর জন্য ডিএসই নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের পরিকল্পনা করছে, যাতে আরো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান, রানার অটোমোবাইলসের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, ইস্যু মার্কেটিং, প্রমশন অ্যান্ড ডেবট মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের এবং রানার অটোমোবাইলসের কোম্পানি সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।—বিজ্ঞপ্তি