বিশ্ববাজারে গত সপ্তাহজুড়ে রুপার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। এছাড়া চলতি বছরে ধাতুটির বাজারদর বৃদ্ধির মোট হার দাঁড়িয়েছে ১১২ শতাংশে। এমনকি গত শুক্রবার লেনদেনের শুরুতে রুপার দাম আউন্সপ্রতি রেকর্ড ৬৪ ডলার ৬৪ সেন্টে ওঠে। এরপর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করলে দাম প্রায় ৩ শতাংশ কমে আসে। এ সময় স্পট মার্কেটে রুপার মূল্য নেমে আসে আউন্সপ্রতি ৬১ ডলার ৭০ সেন্টে। খবর রয়টার্স।
আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বলেন, ‘ডলারের বিনিময় হার কিছুটা বেড়েছে। পাশাপাশি মুনাফা তুলে নেয়ার প্রবণতায় রুপার দাম কমে এসেছে।’
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মজুদ কমে আসা, শিল্প খাতে ধারাবাহিক চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেলস’ তালিকায় রুপার অন্তর্ভুক্তি দামের এ ঊর্ধ্বগতির পেছনে ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক পণ্যবাজার গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান সিএমজেড এক নোটে জানায়, দীর্ঘমেয়াদে শিল্প খাতে রুপার চাহিদা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এ কারণে রুপার দামের এ ঊর্ধ্বমুখী প্রবণতা সামনের দিনগুলোয়ও বজায় থাকতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সর্বশেষ বৈঠকে সুদহার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এছাড়া আগামী বছর দুই দফায় সুদহার কমানো হতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
স্পট মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭৪০ ডলার ৫ সেন্টে দাঁড়িয়েছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এ সময় প্যালাডিয়ামের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪৯৭ ডলার ২১ সেন্টে পৌঁছে।