চীনা রোবট নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র, বড় সুযোগের অপেক্ষায় হুন্দাই

জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে এবার হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট আমদানিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

গত ২৬ মার্চ মার্কিন সিনেটে দ্বিপক্ষীয় সম্মতিতে এ বিষয়ে ‘আমেরিকান সিকিউরিটি রোবটিকস অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করা হয়। আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চীনসহ বেশকিছু দেশের তৈরি রোবট বা স্বয়ংক্রিয় যান সরকারি অর্থে কিনতে পারবে না। খবর কোরিয়া হেরাল্ড।

প্রস্তাবিত এ বিলের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা ও জনগুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিদেশী অনুপ্রবেশ ঠেকানো। এর আওতায় স্বায়ত্তশাসিত টহল রোবট, মোবাইল ইন্সপেকশন প্লাটফর্ম, লজিস্টিক রোবট এবং হিউম্যানয়েড রোবটগুলোর ওপর কড়াকড়ি আরোপ করা হবে।

তবে রোবটের পেশি হিসেবে পরিচিত অ্যাকচুয়েটর, গ্রিপার ও মোটরের মতো হার্ডওয়্যার উপাদানগুলো আপাতত নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এছাড়া রোবট তৈরির কাঁচামাল বা রেয়ার আর্থ মেটালের ওপরও কোনো বিধিবিধান চাপানো হচ্ছে না। খাতটিতে চীনের একচেটিয়া আধিপত্য রয়েছে।

স্যামসাং সিকিউরিটিজের বিশ্লেষকদের মতে, আইনটি ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে এবং বিদ্যমান সরঞ্জামগুলোর ওপর বিধিনিষেধ ওই বছরের শেষ নাগাদ শুরু হবে। এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্ট হুন্দাই মোটরের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চীনা প্রতিদ্বন্দ্বীরা মার্কিন বাজার থেকে ছিটকে পড়লে হুন্দাই ও এর সহযোগী প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিকস বড় ধরনের বাণিজ্যিক সুবিধা পাবে।

শিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হুন্দাই এরই মধ্যে নিজস্ব হিউম্যানয়েড রোবট সাপ্লাই চেইন তৈরির প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।

তবে প্রাথমিকভাবে আইনটি কেবল সরকারি কেনাকাটার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে বেসরকারি খাতের সরবরাহ চেইনেও এর প্রভাব ছড়িয়ে পড়বে। ফলে বিশ্বব্যাপী রোবটিকস সাপ্লাই চেইনে এক বিশাল পরিবর্তন আসতে পারে।

আরও