নারী নেতৃত্বাধীন এসএমই শক্তিশালী করবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির উদ্যোগে সম্প্রতি ‘নারী নেতৃত্বাধীন এসএমইর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সাপ্লাই চেইন গতিশীল করা’ শীর্ষক একটি সিএক্সও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির উদ্যোগে সম্প্রতি ‘নারী নেতৃত্বাধীন এসএমইর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সাপ্লাই চেইন গতিশীল করা’ শীর্ষক একটি সিএক্সও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে বিশ্বব্যাংকের উইমেন অন্ট্রাপ্রেনিউর্স ফাইন্যান্স ইনিশিয়েটিভ ও এসএমই ফাউন্ডেশন। নারীকেন্দ্রিক ব্যবসায়িক পরিবেশে গঠনমূলক পরিবর্তন আনাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের শীর্ষ করপোরেট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেয়া সিএক্সওরা নিজ নিজ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস এ সভায় অংশ নিয়ে নারী উদ্যোক্তাদের সাপ্লাই চেইনে অন্তর্ভুক্ত করার বিষয়ে আইপিডিসির পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা নারীকেন্দ্রিক ব্যবসায়িক পরিবেশে পরিবর্তন আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। জয়ী ৩৬০ উদ্যোগের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের বাজারে প্রবেশাধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছি। বিশ্বব্যাংকের উই-ফাই প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সিএক্সও রাউন্ডটেবিল, যেখানে সাপ্লাই চেইনে নারীদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে, সেখানে আইপিডিসি ভবিষ্যৎ নারী উদ্যোক্তাদের ইনস্টিটিউশনাল সাপ্লায়ার হয়ে উঠতে যথাযথ প্রশিক্ষণ প্রদান করছে।’

এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর মিরপুরে আইপিডিসি জয়ী ৩৬০ সাব-ব্রাঞ্চে ‘কানেক্টিং এন্টারপ্রাইজ উইথ জয়ী’ শীর্ষক একটি সেশনের আয়োজন করা হয়। এতে নতুন উদ্যোক্তাদের ইনস্টিটিউশনাল সাপ্লায়ার হিসেবে প্রস্তুত করতে দিকনির্দেশনা দেয়া হয়।

এ সেশনের দুটি অংশ ছিল। প্রথমটি ইনস্টিটিউশনাল সাপ্লায়ার ও বিজনেস সাস্টেইনেবিলিটির জন্য ব্যাংকিং সমাধান, যা পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসভিপি মো. নোমানুর রশীদ। তিনি আর্থিক অন্তর্ভুক্তি, ব্যবসা পরিচালনায় প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি টেকসই কৌশল নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় অংশটি ছিল উদ্যোক্তার অভিজ্ঞতা শেয়ারিং, যেখানে প্রিয়া ফ্যাশনের প্রতিষ্ঠাতা তানজিলা পারভীন কীভাবে বাড়িতে পোশাক সেলাই করা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাপ্লায়ার হয়ে ওঠেন সেই গল্প শোনান। —বিজ্ঞপ্তি

আরও