বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ এবং গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধি পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এ শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতা প্রয়োজন।
বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান এ কথা বলেন। রাজধানীর বিডা কার্যালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান। বৈঠকে বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালক সামিহা আজিম, বিডার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম) মো. মোখলেসুর রহমান (অতিরিক্ত সচিব) এবং বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।
আলোচনাকালে বিজিএমইএ সভাপতি চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে একটি নির্দিষ্ট জোনে একত্র করে সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি চট্টগ্রামে বিজিএমইএর অনুকূলে প্রতীকী মূল্যে এক খণ্ড জমি বরাদ্দের জন্য বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করে জানান, অনতিবিলম্বে বিজিএমইএ ও বিডা প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যা এক সপ্তাহের মধ্যে একটি কর্মপরিকল্পনা পেশ করবে।
সভায় বিজিএমইএ প্রতিনিধি দল তাদের সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি বিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা বলেন, পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিতের জন্য কারখানাগুলোয় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে জ্বালানি রূপান্তর উৎসাহিত করার ব্যাপারে পথনকশা প্রণয়ন জরুরি।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণীকরণ নীতিমালা নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতারা বর্তমান তিন মাসের গ্রেস পিরিয়ডকে ছয় মাসে উন্নীত করার অনুরোধ জানান। তারা বন্ড অডিট প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০টি প্রতিষ্ঠানকে মনোনীত করার বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান।
বিজিএমইএ নেতারা পোশাক শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে না রেখে স্বতন্ত্রভাবে বস্ত্র ও পোশাক মন্ত্রণালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।