আমদানি বাড়লেও সাতক্ষীরায় কমেনি আদার দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসে (জুলাই-মে) আদা আমদানি বেড়েছে তিন গুণেরও বেশি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসে (জুলাই-মে) আদা আমদানি বেড়েছে তিন গুণেরও বেশি। তবে আমদানি বাড়লেও অঞ্চলটিতে কমেনি মসলাপণ্যটির দাম। গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ তথ্য জানা গেছে।

সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় ও আড়তদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা দরে, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৯০-৯৫ টাকা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফজর আলী জানান, কোরবানি ঈদ-পরবর্তী সময়ে চাহিদা বেশি থাকায় পাইকারিতে দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোয়।

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-মে মাস পর্যন্ত এ বন্দর দিয়ে ১ লাখ ১৫ হাজার ১০৩ টন আদা আমদানি হয়েছে। এর আমদানি মূল্য ছিল ১ হাজার ৩৭৫ কোটি ৮১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ৪০৭ কোটি ২৮ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার ২৪৫ টন আদা আমদানি হয়েছিল।

এ বিষয়ে ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘ভারতের বাজারে দাম কম হওয়ার পাশাপাশি দেশের বাজারে ভালো চাহিদা থাকার কারণে পণ্যটির আমদানি বেড়েছে।’

আরও