ভারতে রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে ভোজ্যতেলের আমদানি

ভারতে ২০২৫-২৬ অর্থবছরের ভোজ্যতেলের আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে।

ভারতে ২০২৫-২৬ অর্থবছরের ভোজ্যতেলের আমদানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। বিশ্বের শীর্ষ ভোজ্যতেল ক্রেতা দেশ হিসেবে ভারতের পাম অয়েলের চাহিদা বৃদ্ধি এ প্রবণতার মূল চালিকাশক্তি বলে উল্লেখ করেছেন শিল্প বিশ্লেষক ও গোদরেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক দোরাব মিস্ত্রি। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শিল্প সম্মেলন গ্লোবাল ইন্ডিয়ায় গতকাল তিনি জানান, ভারতে ২০২৫-২৬ মৌসুমে ভোজ্যতেল আমদানি ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ কোটি ৭১ লাখ টনে পৌঁছবে।

এর মধ্যে এ সময় পাম অয়েলের আমদানি সবচেয়ে বেশি বাড়বে, যা প্রায় ১৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৩ লাখ টন ছুঁতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, এ ঊর্ধ্বগতি দেশটির ভোক্তা চাহিদা ও শিল্প খাতের সম্প্রসারণকে প্রতিফলিত করছে, যা বাজারে পাম অয়েলের চাহিদা বাড়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এদিকে গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম দশমিক ১৮ শতাংশ কমে টনপ্রতি ৪ হাজার ৪৩১ রিঙ্গিতে পৌঁছেছে। গতকাল লেনদেন শেষ হওয়া সপ্তাহের পুরো সময়জুড়ে পণ্যটির দাম বেড়েছে দশমিক ৬৩ শতাংশ।

আরও