পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগসীমা ৫ শতাংশ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া বিনিয়োগকারীদের দেয়া মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতির (নেগেটিভ ইকুইটি) সমস্যার সমাধানে প্রতিটি ব্রোকারেজ হাউজের কাছ থেকে পৃথক পরিকল্পনা চেয়েছে বিএসইসি।
গতকাল বিএসইসির ৯৫২তম কমিশন সভায় ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় মৌল ভিত্তিসম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় সিকিউরিটিজে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগসীমা ৫ শতাংশ থেকে আইসিবিকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এখন থেকে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি। এক্ষেত্রে আইসিবিকে বিএসইসির (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮-এর প্রাসঙ্গিক বিধিমালা যথাযথভাবে পালন করতে হবে।
কমিশন সভায় বে-মেয়াদি ফান্ড ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ব্যালান্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দিয়েছে বিএসইসি। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। ফান্ডের উদ্যোক্তা হিসেবে ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
এছাড়া ডিবিএর নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে নেগেটিভ ইকুইটি সমস্যা সমাধানে পরিকল্পনা আহ্বান করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিরা। সাম্প্রতিক বাজারের অবস্থা ও বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে নেগেটিভ ইকুইটির সমস্যার স্থায়ী সমাধান চান প্রতিনিধিরা। পাশাপাশি পুঁজিবাজারের সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ সময় নেগেটিভ ইকুইটিকে ক্যান্সার উল্লেখ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে কার্যকর সমাধান বাস্তবায়নের কথা জানান বিএসইসি চেয়ারম্যান। সংশ্লিষ্ট সব পক্ষ ও অংশীজন মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন তিনি। বৈঠকে বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।